দীর্ঘ ২ বছরের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে খুলছে গাজা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ সীমান্ত রাফাহ ক্রসিং। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এটি খুলে দিতে সম্মত হয়েছে ইসরাইল। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী রোববার (১ ফেব্রুয়ারি) খুলে দেয়া হবে রাফাহ ক্রসিং।
গাজারবাসীদের জন্য বিশেষ করে রোগীদের জন্য মিশর সীমান্তের রাফাহ ক্রসিং হলো বিশ্বের প্রবেশদ্বার। দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে সামরিক অভিযানের পর ২০২৪ সালের মে মাসে ক্রসিংটির নিয়ন্ত্রণ নেয় ইসরাইল। এরপর এটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়। এর ফলে গাজা উপত্যকা আরও বিচ্ছিন্ন হয়ে পড়ে। আরও বেড়ে যায় মানবিক সংকট।
দীর্ঘ ২ বছর পর আবারও খুলে দেয়া হচ্ছে গাজা-মিশরের রাফা সীমান্তের দুই প্রান্ত। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরাইল-হামাস যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে ক্রসিংটি শিগগিরই পুনরায় খোলা হবে।
আজ গাজায় বেসামরিক নীতির সমন্বয়কারী ইসরাইলি সরকারি সংস্থা, সিওজিএটি জানায়, আগামী রোববার ক্রসিং সবার জন্য খুলে দেয়া হবে। তবে গাজার ২০ লক্ষেরও বেশি মানুষের মধ্যে কতজনকে প্রতিদিন সীমান্ত অতিক্রম করতে দেয়া হবে তা বলা হয়নি।

ইসরাইলের দখলকৃত অঞ্চলবিষয়ক সংস্থা সিওজিএটি জানিয়েছে, যুদ্ধের সময় যারা গাজা ছেড়ে মিসরে গিয়েছিলেন, শুধু তারাই নির্দিষ্ট শর্তে গাজা উপত্যকায় ফিরতে পারবেন। বিবৃতিতে বলা হয়, মিসরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই প্রত্যাবর্তনের অনুমতি দেয়া হবে। তবে গাজায় ফেরার আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই ইসরায়েলের পূর্বানুমোদিত নিরাপত্তা ছাড়পত্র নিতে হবে।