আফগানিস্তানে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে আরও মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে ভারত।আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বুধবার (১০ ডিসেম্বর) নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে ভারতের শীর্ষ কূটনীতিক বলেছেন, নয়াদিল্লি কাবুলের সাথে তার সম্পর্ক এবং বন্ধুত্বের বন্ধনকে মূল্য দেয়।
রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনি হরিশ বলেন,
বছরের পর বছর ধরে, ভারত আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতার জন্য এক জোরালো সমর্থক হিসেবে কাজ করে আসছে।
তিনি আরও বলেন, ‘আফগানিস্তানের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমন্বিত আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেশে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে জোরালোভাবে সম্পৃক্ত করা হচ্ছে।’
একটি সুসংগত সম্পৃক্ততা নীতি ইতিবাচক পদক্ষেপকে উৎসাহিত করবে উল্লেখ করে ভারতীয় রাষ্ট্রদূত আরও বলেন,
আমরা জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, তারা যেন আফগানিস্তানের জনগণের জন্য টেকসই সুবিধা বয়ে আনতে সাহায্যকারী সূক্ষ্ম নীতিমালা গ্রহণ করে।
পার্বথানেনি হরিশের মতে, কাবুলে ভারতের কারিগরি মিশনের মর্যাদা দূতাবাসের মর্যাদায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত আফগানিস্তানের উন্নয়নের চাহিদা পূরণের ‘এই সংকল্পকে আরও স্পষ্ট করে তোলে’।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার এবং এরপর তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের রাজধানীতে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেয়া হয়। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ভারতীয় মানবিক সহায়তা সহজতর করার জন্য ভবনটি একটি কারিগরি মিশন হিসেবে কাজ করত।
তবে গেল অক্টোবরে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি নয়াদিল্লি সফরের সময় কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হয় ভারত ও আফগানিস্তান।