ইরানের বিরুদ্ধে হামলায় আকাশসীমা-ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আমিরাত

Spread the love

ইরানের বিরুদ্ধে কোনো ‘শত্রুতামূলক’ সামরিক কর্মকাণ্ডের জন্য নিজেদের আকাশসীমা, ভূখণ্ড বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশলগত যোগাযোগ বিভাগের পরিচালক আফরা আল হামেলি এক্স (সাবেক টুইটার)-এ দেয়া এক পোস্টে বলেন, ‘ইউএই নিশ্চিত করছে যে ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কর্মকাণ্ডে আমাদের আকাশসীমা, স্থলভাগ বা জলসীমা ব্যবহারের অনুমতি দেয়া হবে না।’

তিনি আরও জানান, ইউএই এ ধরনের কোনো কর্মকাণ্ডে লজিস্টিক সহায়তাও দেবে না।

আঞ্চলিক সংকট মোকাবিলায় সংলাপ, উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাকেই আবুধাবি সর্বোত্তম পথ মনে করে বলে জানিয়েছেন আফরা আল হামেলি।

এদিকে ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলে সোমবার (২৬ জানুয়ারি) জানিয়েছে রাশিয়া। সব পক্ষকে সংযম দেখানোর আহ্বানও জানিয়েছে দেশটি। 

ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করতে পারে এমন প্রতিবেদন প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এটি নিঃসন্দেহে এই অঞ্চলের পরিস্থিতিকে গুরুতরভাবে অস্থিতিশীল করার পথে আরেকটি পদক্ষেপ হবে।’

তিনি আরও বলেন, 

উত্তেজনা প্রশমনে প্রচেষ্টা অব্যাহত রাখছে রাশিয়া। এই পরিস্থিতিতে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সংযম প্রত্যাশা করি এবং দেখতে চাই, তারা যে বিষয়গুলোকে প্রাসঙ্গিক মনে করে সেগুলোর সমাধানে একান্তভাবে শান্তিপূর্ণ আলোচনায় মনোযোগ দিক।

এর আগে ইসরাইলি গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়ে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *