কোটি কোটি টাকা ক্ষতির মুখে রণবীরের ব্লকবাস্টার ছবি

Spread the love

চলচ্চিত্র নির্মাতা আদিত্য ধরের ‘ধুরন্ধর’ বক্স অফিসের একের পর এক রেকর্ড ভেঙে দিয়েছে, শুধুমাত্র বিদেশ থেকেই ২৭ মিলিয়ন ডলার আয় করেছে। ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র এটি। তবে, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জায়গায় এই ছবি নিষিদ্ধ। তা নিষিদ্ধ না হলে বিদেশে ছবিটির আয় আরও বেশি হতে পারত। সিএনএন-নিউজ১৮কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ধুরন্ধর’-এর পরিবেশক পর্ণব কাপাডিয়া জানিয়েছেন নিষেধাজ্ঞার ফলে যথেষ্ট আর্থিক ক্ষতি হয়েছে ছবির।

নিষেধাজ্ঞার ফলে ছবিটি আন্তর্জাতিক ব্যবসা কীভাবে প্রভাবিত হয়েছে সে সম্পর্কে বলতে গিয়ে পর্নব বলেন, ‘আমি ধারণা কমপক্ষে ১০ মিলিয়ন ডলার (প্রায় ৯০ কোটি টাকা) বক্স অফিসে ক্ষতি হয়েছে। কারণ আগের রেকর্ড অনুযায়ী অ্যাকশন ছবিগুলি সব সময় মধ্যপ্রাচ্যে খুব ভালো পারফর্ম করেছে। তাই, আমরা দৃঢ় ভাবে মনে করি যে ছবিটা সেখানে মুক্তি পাওয়া উচিত ছিল।’

তিনি আরও বলেন, ‘একই সঙ্গে, আমাদের প্রতিটা অঞ্চল এবং দেশের দৃষ্টিভঙ্গি, নিয়মকানুন এবং আইনকানুনকে সম্মান করতে হবে, কারণ তাঁদের নিজস্ব কারণ রয়েছে। তবে আমাদের ছবি প্রথম ছবি নয় যে ওখানে মুক্তি পায়নি। এর আগে ফাইটারও মুক্তি পায়নি, আরও বেশ কিছু ছবির মতো। ছবিটি মুক্তি পাওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত, ‘ধুরন্ধর’ তার দর্শক খুঁজে পেয়েছে, যদি উপসাগরীয় অঞ্চলে নাও থাকে, তাহলে অন্য কোথাও।’

তিনি জানান যে, এই সময় অনেক মানুষ বিদেশে ঘুরতে যান, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্রে। যেহেতু ছবিটি ডিসেম্বরের শেষার্ধে মুক্তি পেয়েছিল, আর এই সময়টা ছুটির, তাই পর্যটকরা ‘ধুরন্ধর’ দেখার জন্য সময় বের করছেন।

‘ধুরন্ধর’-এর বিদেশ সফর

‘ধুরন্ধর’ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি পাকিস্তানেও মুক্তি পায়নি। নিষেধাজ্ঞা সত্ত্বেও, ‘ধুরন্ধর’ ২০২৫ সালে বিদেশের সবচেয়ে সফল ভারতীয় ছবি। রণবীর অভিনীত এই ছবিটি ২৬ দিনে বিদেশে ২৭.৫ মিলিয়ন ডলার আয় করেছে, যার মধ্যে কেবল উত্তর আমেরিকার বাজার থেকে ১৭ মিলিয়ন ডলার আয় করেছে। এর ফলে ছবিটা সব মিলিয়ে ১১০১ কোটি টাকা আয় করেছে।’ধুরন্ধর’ সম্পর্কে

আদিত্য ধর পরিচালিত এই স্পাই অ্যাকশন থ্রিলার সিনেমায় রণবীর সিংকে হামজার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে, যিনি একজন ভারতীয় গুপ্তচর, তিনি পাকিস্তানের লিয়ারিতে রেহমান ডাকাইতের (অক্ষয় খান্না) গ্যাংয়ে অনুপ্রবেশ করে আইএসআই নেটওয়ার্ক থেকে গুরুত্বপূর্ণ তথ্য ‘র’-কে পৌঁছে দেন। ছবিতে আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল, আর মাধবন এবং সঞ্জয় দত্ত, রাকেশ বেদী এবং সারা অর্জুন। ভক্তরা এখন অধীর আগ্রহে ছবির সিক্যুয়েলটির জন্য অপেক্ষা করছেন, যা ২০২৬ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *