চলতি বছরের শুরুতেই একের পর এক বড় ঘোষণা করেছিলেন মেগাস্টার দেব। তিনি তাঁর সুপারহিট বেশ কিছু ছবির পরবর্তী পার্ট আনতে চলেছেন। এই তালিকায় রয়েছে ‘খাদান ২’ও। শোনা যাচ্ছিল সেই ছবির নায়িকা হিসেবে নাকি দেখা মিলবে কোয়েল মল্লিকের। অর্থাৎ এই ছবির হাত ধরেই নাকি ফের কামব্যাক করবে আইকনিক দেব-কোয়েল জুটি। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন তাঁরা।
টলি ইনসাইডকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা এই প্রসঙ্গে বলেন, ‘অনেকে দিন থেকে আমাকে অনেকে এই প্রশ্ন করছিলেন যে আমি আর দেব কবে জুটি বেঁধে ফিরব। কিন্তু আমি বিশ্বাস করি যে, কোনও জুটির রসায়ন আরও ভালো ভাবে ফুটে ওঠে বা কাজ করে তখন, যখন তার পিছনে একটা ভালো গল্প বা চিত্রনাট্য থাকে। তো সেটা থাকলে আমার আবার খুব তাড়াতাড়ি ফিরব।’
অন্যদিকে দেব সাফ জানান, ‘আমি তো ওঁর সঙ্গে কাজ করতে চাই। কোয়েলের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। ম্যাডামের জন্য চিত্রনাট্য লিখছি আমি। কোয়েল যদি হ্যাঁ বলে তাহলে ‘খাদান ২’-এ কোয়েলই থাকবে। আর কেউ না।’
প্রসঙ্গত, প্রশ্ন উঠেছিল যিশুকে ফের ‘খাদান ২’-এ দেখা যাবে কিনা। সেই প্রসঙ্গে নায়ক বলেন, ‘খাদান-এ আমার চরিত্রের মৃত্যু দেখানো হয়েছে। মরে গেলে একটা মানুষ কীভাবে ফিরে আসতে পারে?’ তারপর নায়কের থেকে জানতে চাওয়া হয় যে পুনঃজন্ম দেখানো হবে কি তাঁর চরিত্রের? যিশু মজা করে এর উত্তরে বলেন, ‘পুনঃজন্ম দেখানো হলে আমি দেবের কোলে থাকব। তাই আমার ফিরে আসার কোনও সম্ভবনা নেই। এই ছবিতে জনকে আমার ছেলে হিসাবে দেখানো হয়েছিল। তবে ওঁর যদি কোথাও কোনও ছেলে হয়ে থাকে সে তবে ফিরতে পারে।’

উল্লেখ্য, ২০২৪-এর শেষে মুক্তি পেয়েছিল ‘খাদান’। সুরিন্দর ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ভেনচারের যৌথভাবে প্রযোজনায় এই ছবি এসেছিল। এই ছবিতে দেব দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তিনি ছাড়াও প্রধান চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টাচার্য ও স্নেহা বোস।