সামনে এল টলিউডের সুপারস্টারের একটা মিষ্টি ভিডিয়ো। আর অভিনতা মন কেড়ে নিলেন তাঁর অনুরাগীদের। ভিডিয়োতে দেখা গেল যে, বিশেষ ক্ষমতা সম্পন্ন একটি বাচ্চাকে মাথায়-গালে হাত বুলিয়ে আদর করলেন তৃণমূল সাংসদ-অভিনেতা।
পাপারাজ্জো অ্যাকাউন্ট টলি অনলাইনের শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গেল হুইলচেয়ারে নিজের বিশেষ ক্ষমতা সম্পন্ন সেই বাচ্চাকে নিয়ে এসেছিলেন তাঁর মা। আর নিজের ভক্তকে দেখেই এগিয়ে এলেন দেব। হুইলচেয়ারের সামনে বসে পড়লেন হাঁটু গেড়ে। তারপর বাচ্চাটির গায়ে মাথায় হাত বুলিয়ে করলেন আদর। এমনকী, বাচ্চাটিকে কিছু বলতেও দেখা গেল তাঁকে। শিশুটির মায়ের সঙ্গেও কথা বলেন তিনি। ছবির প্রচারে সোনারপুর গিয়েছিলেন দেব। সেখানেই তোলা এই ভিডিয়োটি। দেখুন-
আপাতত প্রজাপতি ২-এর সাফল্য চুটিয়ে উপভোগ করছেন দেব। অতনু-অভিজিৎ আর দেবের সেই সুপারহিট ট্রায়ো আবারও জমিয়ে রেখেছিল বছর শেষে বাংলার বক্স অফিস। প্রজাপতি ২-র সঙ্গে আরও দুটো বাংলা সিনেমা লহ গৌরাঙ্গের নাম রে ও মিতিন মাসি: একটি খুনীল সন্ধানে মুক্তি পেলেও, সেভাবে টক্কর দিতে পারেনি প্রজাপতি ২ সিনেমাকে।অভিজিৎ সেন পরিচালিত প্রজাপতি ২। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস এবং বেঙ্গল টকিজের ব্যানারে দেব এবং অতনু রায়চৌধুরী প্রযোজনায় মুক্তি পায় এটি। মিঠুন ও দেব ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শিশুশিল্পী অনুমেঘা কাহালি, অনির্বাণ চক্রবর্তী, জ্যোতির্ময়ী কুণ্ডু, অপরাজিতা আঢ্যরা।
প্রজাপতি ২ মুক্তি পেতে না পেতেই, নিজের দুটো সিনেমা ঘোষণা করে ফেলেছেন দেব। তালিকায় রয়েছে প্রথমেই ‘অ্যাম্বুলেন্স দাদা’। ‘অ্যাম্বুল্যান্স দাদা’ বা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ হিসেবে পরিচিত করিমুল হকের চরিত্রে দেখা যাবে দেবকে। জলপাইগুড়ির করিমুল প্রত্যন্ত গ্রামের দুঃস্থ, অসুস্থ রোগীকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিতেন।

এছাড়াও পুজোয় দেখা যাবে দেবকে। আর এখানে আরও বড় চমক। কারণ ফিরছে দেশু, অর্থাৎ দেব ও শুভশ্রী জুটি। যদিও সেই ছবি নিয়ে বিস্তারিত কোনো তথ্যই এখনও জানা যায়নি।