কমার্শিয়াল ছবি হোক বা অন্য স্বাদের ছবি, কোয়েল মল্লিক চিরকাল নিজেকে নতুন নতুন চরিত্রে সকলের সামনে মেলে ধরেছেন বারবার। মাঝে বেশ কয়েকটা বছর বিরতি নিলেও আবার স্বার্থপর ছবির মাধ্যমে তিনি ফিরে এসেছেন বড় পর্দায়। ফিরেই একেবারেই হাকিয়েছেন ছক্কা।
স্বার্থপর বলেছে প্রত্যেক ভাই বোনের গল্প, তাই খুব স্বাভাবিকভাবেই সেই গল্প সকলের মন ছুঁয়ে দিয়েছে। উপরি পাওনা রঞ্জিত মল্লিকের অসাধারণ অভিনয়। কিন্তু প্রথম ছবির সাফল্যে গা ভাসিয়ে দেননি কোয়েল বরং তারপরেই তিনি ব্যস্ত হয়ে পড়েছিলেন দ্বিতীয় ছবি নিয়ে।
সম্প্রতি বড়দিনে মুক্তি পেয়েছে কোয়েল মল্লিকের মিতিন মাসি: একটি খুনির সন্ধানে। বহুদিন পর আবার অ্যাকশন মুডে কোয়েলকে দেখে ভীষণ খুশি সকলে। কিন্তু এবারেও যেন কোথাও নীরব অভিনেত্রী। একদিকে যেখানে ছবি হিট হলেই সাকসেস পার্টির বন্যা বয়ে যায়, এখানে নীরবে নিজের কাজ করতেই ভালোবাসেন অভিনেত্রী।
নিজের এই স্বভাব নিয়ে খোলামেলা কথা বলতে শোনা যায় কোয়েলকে। আজকাল ডট ইনকে দেওয়া সাক্ষাৎকারে কোয়েল বলেন, একটা ছবি হিট হতেই সেটা নিয়ে লাফালাফি করতে পছন্দ করি না আমি। আমি সাফল্য নিয়ে খুব একটা পড়ে থাকতে ভালোবাসি না। আমি বরং এগিয়ে যেতে পছন্দ করি। আগামী ছবি নিয়ে চিন্তা করি।’
কোয়েলের এই চিন্তা ভাবনাই হয়তো তাকে সকলের থেকে আলাদা করে রাখে। একদিকে যেমন অন্য অভিনেত্রীরা একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত, তখন যেন কোথাও শুধুমাত্র নিজের কাজেই ফোকাস করে থাকেন তিনি। এই নিয়ে আগেও একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, কাজের পাশাপাশি তিনি নিজের পরিবারকে নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে বাকি কথা নিয়ে চিন্তা করার সময় পান না তিনি।

এ কথা তো সকলেরই জানা, কোয়েল ভীষণ প্রাইভেট একজন মানুষ। ব্যক্তিগত জীবন সব সময় ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন তিনি। বাবা, মা, স্বামী সন্তান এবং পরিবারের বাকি সদস্যদের নিয়ে কেটে যায় সময়। তাই টলিউডের তথাকথিত বিতর্ক থেকে সবসময় নিজেকে দূরে রাখতেই ভালোবাসেন টলি কুইন কোয়েল।