মধ্যপ্রাচ্যের মুক্তি না পেলেও এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে রমরমিয়ে চলছে আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর। ইতিমধ্যে আমেরিকায় এই ছবির দুর্দান্ত সাফল্যের কারণে বিদেশে বক্স অফিসের কালেকশন ভাঙতে চলেছে রেকর্ড। দেশীয় বাজারে রেকর্ড ভাঙার পাশাপাশি এই মুহূর্তে ধুরন্ধর সর্ব কালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি হতে চলেছে।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ভারতের বক্স অফিসে ছবিটি আয় করেছে ৭৮১.৭৫ কোটি টাকা। বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১২২২ কোটি টাকা। এই মুহূর্তে এই ছবিটি রাজামৌলি পরিচালিত ছবি আর আর আর সিনেমার মোট আয়ের থেকে মাত্র ৮ কোটি টাকা দূরে রয়েছে। যেভাবে ধুরন্ধর এগিয়ে চলেছে তাতে বুধবার রাজামৌলীর ছবিকে ছাড়িয়ে যাবে এই ছবিটি।
মঙ্গলবার এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৩১.৫ মিলিয়ন ডলার। উত্তর আমেরিকায় ছবিটির অসাধারণ সাফল্যের পর সিনেমাটি ভাঙতে চলেছে আরো বেশ কয়েকটি রেকর্ড। মঙ্গলবার পর্যন্ত আমেরিকা এবং কানাডায় ২০ মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি, যা জওয়ান, আরআরআর, কল্কিকেও ছাড়িয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত বাহুবলী ২ ছবিকে ছাপিয়ে যেতে পারেনি এই সিনেমাটি তবে এই ভাবেই চলতে থাকলে আগামী দিনে সেই রেকর্ড ভেঙে ফেলবে ধুরন্ধর।

ধুরন্ধর সম্পর্কে
ধুরন্ধর ছবিতে রণবীর হামজার চরিত্রে অভিনয় করেছেন, যিনি করাচির গ্যাং এবং সন্ত্রাসী নেটওয়ার্কগুলিতে অনুপ্রবেশকারী একজন ভারতীয় অপারেটিভ। আদিত্য ধর পরিচালিত এই স্পাই থ্রিলারে আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত এবং আর মাধবন। পার্ট ২ মুক্তি পাবে ২০২৬ সালের মার্চ মাসে।
ধুরন্ধর ছবিটি শুধু বক্স অফিসে সাফল্য অর্জন করেছে তা নয়, এই সিনেমাটি বলিউডের প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালকদের প্রশংসা কুড়িয়েছে। এর আগেও উরি ছবিটি পরিচালনা করে প্রশংসিত হয়েছিলেন আদিত্য। এবারেও তার অন্যথা হলো না। আদিত্যর থেকে এমন অনেক ছবি আগামী দিনে আশা করছেন দর্শক তথা গোটা ইন্ডাস্ট্রি।