ছোটবেলার স্মৃতি যেমন একদিকে ভীষণ মধুর হয় তেমন অন্যদিকে হয় করুণ। স্মৃতি মানেই পিছনে ফেলে রাখা এমন কিছু মানুষ যাদের আর কখনও ফিরে পাওয়া যাবে না জীবনে। যাদের সঙ্গে কাটিয়ে দেওয়া স্মৃতি এখন জীবনের চলার পথের সঙ্গী। তেমনই দিদার সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন এক টলি অভিনেত্রী।
বড়পর্দায় চুটিয়ে কাজ করার পর আবার ছোটপর্দায় ফিরে এসেছেন এই অভিনেত্রী। বাহামনি চরিত্রে অভিনয় করে রাতারাতি হয়েছিলেন জনপ্রিয়। দিদার গায়ে লেপটে থাকা এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন কি? এই ছোট্ট মেয়েটি কিন্তু একজন বিখ্যাত টলি অভিনেত্রী। তিনি হলেন রনিতা দাস।
খুব সম্প্রতি নিজের জন্মদিন পালন করেছেন রনিতা। সুখ দুঃখে মেশানো ২০২৫ কে বিদায় জানিয়েছেন হাসিমুখে। কিন্তু ২০২৬ শুরু হতেই অভিনেত্রীর গলায় শোনা গেল বেদনার সুর। এক বছর আগে দিদাকে হারানোর স্মৃতি রোমন্থন করতে দেখা গেল অভিনেত্রীকে।
দিদার সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করে রনিতা লেখেন, এই বুড়ি কেমন আছো? এই কথাটা বললেই তুমি বলতে, বুড়িটা কে? দিদা বল। আমাদের একসঙ্গে কাটানো কত সুন্দর মুহূর্ত। এখন আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করি তোমায়, ওপারে কেমন আছো? মিস্টার রায় ( দাদুর) কে নিয়ে ভালো আছো তো?অভিনেত্রী আরও লেখেন, আমি এখনও তোমার স্পর্শ অনুভব করতে পারি। আমি আজও মনে করি তুমি আমার হয় তুমি আমার হয়ে ঈশ্বরকে কিছু বললে তিনি নিশ্চয়ই শোনেন। এখনও মনে হয় তুমি হয়তো কোথাও থেকে আমাকে দেখছো।

রনিতা লেখেন, তুমি শুধু আমার দিদা ছিলে না, তুমি ছিলে আমার শক্তি, আমার আশ্রয়, আমার নীরব প্রার্থনা। তোমার ভালোবাসা আমার মধ্যে আজও রয়েছে। আমাকে আজও তুমি বুঝিয়ে দাও যে আমি একা নই, আমার সঙ্গে তুমি আছো সবসময়।প্রসঙ্গত, এই মুহূর্তে স্টার জলসার ও মন দরদিয়া ধারাবাহিকে অভিনয় করছেন রনিতা। ধারাবাহিকটি সন্ধ্যে সাতটায় সম্প্রচারিত হয়। টিআরপির দিক থেকে বেশ ভালই ফল করে এই ধারাবাহিকটি।