মুক্তির পর থেকেই প্রায় রকেটের গতিতে এগিয়ে চলেছে রণবীর সিং অভিনীত ছবি ধুরন্ধর। চার সপ্তাহের বেশি সময় ধরে এই গতি বর্তমান থাকার পর অবশেষে কিছুটা থমকাল সিনেমার আয়। নেপথ্যে, প্রভাসের মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য রাজা সাব’।
ছবিটি টানা ২৮ দিন ধরে যেভাবে আয় করেছে তাতে ভেঙেছে একের পর এক রেকর্ড। প্রথম সপ্তাহে ২০৭.২৫ কোটি, দ্বিতীয় সপ্তাহে ২৫৩.২৫ কোটি, তৃতীয় সপ্তাহে ১৭২ কোটি, চতুর্থ সপ্তাহে ১০৬.৫ কোটি, পঞ্চম সপ্তাহে ৫১.৫ কোটি আয় করেছে ছবিটি।
৩৬ তম দিনে অর্থাৎ পঞ্চম শুক্রবার সিনেমাটি ৩.৫ কোটি টাকা আয় করেছে। হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত সারা ভারতবর্ষ জুড়ে ছবিটি আয় করেছে ৭৯৩.৭৫ কোটি টাকা। শুক্রবার এই ছবিটির মোট হিন্দি দর্শক সংখ্যা ছিল ১৪.৩ শতাংশ।
সিনেমাটি ইতিমধ্যেই পুষ্পা ২, আর আর আর, বাহুবলী সহ একাধিক ছবিকে ছাপিয়ে গিয়েছে। তবে প্রভাসের ছবি মুক্তির পর প্রথম এই সিনেমাটি এক অংকের সংখ্যার মধ্যে নিজের আয়কে সীমিত করল।
রণবীর ছাড়াও, ধুরন্ধর-এ আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না , সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং আর মাধবন। হাই-অক্টেন থ্রিলারটি কান্দাহার বিমান ছিনতাই, ২০০১ সালের সংসদ হামলা এবং ২৬/১১ মুম্বাই হামলার পটভূমিতে গোপন গোয়েন্দা অভিযানের উপর ভিত্তি করে তৈরি, যে ঘটনাগুলি ভারতের সমসাময়িক ইতিহাসের সঙ্গে জড়িত।আদিত্য ধরের ‘ধুরন্ধর’ মূলত করাচির লিয়ারি শহরের ওপরে নির্মিত, যে এলাকাটি গ্যাং ওয়ার এবং সহিংস ঘাঁটির লড়াইয়ের ইতিহাসের জন্য পরিচিত। ছবিটি আদিত্য এবং লোকেশ ধর প্রযোজনা করেছেন B62 স্টুডিওর অধীনে এবং জ্যোতি দেশপাণ্ডের জিও স্টুডিওর সহযোগিতায়।

প্রথম পর্ব ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’ ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আপাতত সেই দিকেই তাকিয়ে আছেন দর্শকরা।
প্রসঙ্গত, Sacnilk.com এর তথ্য অনুসারে, ছবিটি প্রথম দিনে ৫৪.১৫ কোটি টাকারও বেশি আয় করেছে। প্রতিবেদন অনুসারে , ছবিটি ভারতে সমস্ত ভাষা জুড়ে প্রাথমিক অনুমান অনুসারে ৪৫ কোটি এবং প্রিমিয়ারের সময় ৯.১৫ কোটি আয় করেছে।