নতুন বছরে নতুন উদ্যোগ জুবিনের পরিবারের

Spread the love

গত বছরে শুধু গোটা অসম রাজ্য নয়, গোটা বিশ্ব হারিয়েছে, জুবিনের মত এক অনবদ্য সঙ্গীতশিল্পীকে। শুধু একজন সঙ্গীত শিল্পী বললে হয়তো ভুল বলা হবে, তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি সবসময় ভাববেন সাধারণ মানুষের জন্য, আর তাই জুবিনের মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা অসম রাজ্য।গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন জুবিন গর্গ। প্রাথমিকভাবে ব্যাপারটিকে দুর্ঘটনা বলে মনে হলেও পরবর্তীকালে জানা যায় এটি দুর্ঘটনা নয় বরং প্ল্যান মাফিক একটি ষড়যন্ত্র। রাজ্যের মুখ্যমন্ত্রীর তৎপরতায় ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছেন বেশ কিছু অভিযুক্ত।

জুবিনের মৃত্যুর তিন মাস অতিক্রান্ত হওয়ার পর এবার গায়কের স্মৃতিতে একটি বিশেষ ঘোষণা করলেন জুবিনের স্ত্রী গরিমা এবং ছোট বোন পামী বড় ঠাকুর। সম্প্রতি সাংবাদিক বৈঠকে গরিমা জানান, জুবিনের নামে একটি ট্রাস্ট তৈরি করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে পরিবারের তরফ থেকে।

জুবিনের নামে যে ট্রাস্ট তৈরি করা হয়েছে তাতে যুক্ত থাকবেন গায়কের ফ্যান ক্লাবের সদস্যরাও। সমাজের যে উন্নতি করার চেষ্টা করেছিলেন জুবিন, এই ট্রাস্টের মাধ্যমে সেটাই এগিয়ে নিয়ে যাওয়া হবে আগামী দিনে। মোদ্দা কথা, সমাজের উন্নতির হিতে কাজ করবে এই ট্রাস্ট।

গরিমা জানান, নতুন প্রতিভাদের ভবিষ্যৎ তৈরি করার পাশাপাশি এই ট্রাস্ট প্রকৃতি সংরক্ষণের কাজও করবে। এছাড়া জুবিনের জীবন এবং কাজ নিয়ে গবেষণা করবে এই ট্রাস্টের একটি গবেষণা শাখা। বেঁচে থাকাকালীন মৃত বোনের স্মৃতিতে কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন নামে একটি ট্রাস্ট তৈরি করেছিলেন জুবিন, যার সঙ্গে এবার যৌথভাবে কাজ করবে এই নতুন সংস্থা।

প্রসঙ্গত, শুধু অসমীয়া ভাষায় নয়, বাংলা হিন্দি সহ একাধিক ভাষায় গান গেয়েছেন জুবিন। কাজ করেছেন বড় বড় তারকাদের সঙ্গে। জুবিনের এই আকস্মিক মৃত্যু শুধু তাঁর পরিবারের জন্য নয়, গোটা শিল্প জগতের কাছে এটি এমন ক্ষতি যা পূরণ হওয়ার নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *