নতুন বছরের শুরুতেই একের পর এক বড় চমক দিয়ে চলেছেন দেব। আর সব থেকে বড় যে চমক দিয়েছন তিনি তা হল চলতি বছরের পুজোয় ফের শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পর্দায় ফিরছেন তিনি। আবার পর্দায় দেশু ম্যাজিক হতে চলেছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন শুভশ্রী।বড়দিনে নায়িকার মুক্তিপ্রাপ্ত ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ ছবির হল ভিজিটে গিয়েছিলেন তিনি সংবাদ মাধ্যমের সামনে এই প্রসঙ্গে মুখ খোলেন। নায়িকা বলেন, ‘এখন আমরা কিছু বলব না। এখন আমরা বাকিদের রিঅ্যাকশন উপভোগ করতে চাই। এখন আর বেশি কিছু বলা যাবে না। যত টুকু জানা গিয়েছে সেটা নিয়েই খুশি থাকতে হবে। আসলে আমি, দেব আমরা সবাই সাক্ষী থেকেছি দশ বছর পর আমাদের যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে আমরা কত মানুষের ভালোবাসা পেয়েছিলাম। ‘ধূমকেতু’ মুক্তির পরও যে ভালোবাসা পেয়েছিল, তা থেকে আমরা অবশ্যই বিশ্বাস করি যে মানুষ আমাদের কে খুবই ভালোবাসে।’
প্রসঙ্গত, চলতি বছর অগস্টে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমেকেতু’ মুক্তি পেয়েছিল। ছবিটির শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। তারপর নানা কারণে ছবিটি আর মুক্তি পায় না। এরপর শুভশ্রী আর দেবকেও একসঙ্গে আর কোনও ছবিতে কাজ করতে দেখা যায়নি। তাই প্রায় ১০ বছর পর এই জুটির ছবি সকলের মধ্যে অনেকটা প্রত্যাশা তৈরি করেছিল। তারপর দেব-শুভশ্রীকে একসঙ্গে ছবির প্রচার করতে দেখা যায়। তাঁরা একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন। শুধু তাই নয় নৈহাটির বড়মার মন্দিরে পুজোও দিতে যান একসঙ্গে। সবটাই দেশু ফ্যানেদের জন্য একটা স্বপ্নের মতো ছিল।
কিন্তু তারপর হঠাৎই ছন্দপতন হয়। দেব এক সাক্ষাৎকারে, ‘শুভশ্রী দুই সন্তানের মা তাই তাঁর মুখের সারল্য হারিয়ে গিয়েছে’ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। তারপর তাঁর সেই কথার জবাবও দেন নায়িকা। এরপর সেখানে পাল্টা যুক্তি দেন নায়ক। আর সবটা মিলিয়ে বেশ জলঘোলা হয়। তারপর আবার একসঙ্গে কোনও ছবিতে দেখার আশা দেশু অনুরাগীরা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন। তবে এর মাঝেও শুভশ্রীকে নানা অনুষ্ঠানে বলতে শোনা তিনি যদি ভালো চিত্রনাট্য পান তাহলে অবশ্যই দেবের সঙ্গে কাজ করবেন। এরপর পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলে নিষাদের অন্নপ্রাশনে ফের একসঙ্গে দেখা যায় তাঁদের। সেখান থেকে অনেকেই আন্দাজ করেন তাঁদের মধ্যকার সমস্যা দূর হয়েছে, আর দেবও এক সাক্ষাৎকারে তেমনটাই ইঙ্গিত দেন। আর এরপর নতুন বছরে তাঁদের ছবির ঘোষণা যে দারুণ চমক তা আর বলার অপেক্ষা রাখে না।
