বলিউডের অন্যতম চর্চিত জুটি তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়ার প্রেমকাহিনিতে কি তবে চিরস্থায়ী গ্রহণ লাগল? গত কয়েক দিন তাঁদের বিচ্ছেদ নিয়ে যে জল্পনা চলছিল নেপথ্য মুম্বইয়ে আয়োজিত এপি ধিলোঁর কনসার্ট। তারপর থেকেই বিচ্ছেদ জল্পনা ডানা মেলেছিল, তবে সবটাই চক্রান্ত বলে ধামা চাপা দিয়েছিলেন তারা। কিন্তু অবশেষে ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল।
ফিল্মফেয়ারের তরফে দাবি করা হয়েছে তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়া তাঁদের সম্পর্কে ইতি টেনেছেন। ব্রেকআপের সঠিক কারণ অজানা। কিছুদিন আগে এপি ধিলোঁর কনসার্টে এই তারকা জুটিকে ঘিরে তৈরি হয় বিতর্ক।
কনসার্টের মঞ্চে তারা সুতারিয়া এবং এপি ধিলোঁর পারফরম্যান্স ও কেমিস্ট্রি দেখে সবাই মুগ্ধ হন। কিন্তু তখনই কিছু এডিটেড ভিডিও ছড়িয়ে দেওয়া হয়, যেখানে দেখানো হয় যে বীর পাহাড়িয়ার সামনে দাঁড়িয়ে আছেন এবং গার্লফ্রেন্ড ও এপি ধিঁলোর ঘনিষ্ঠতা দেখে তিনি বেশ বিরক্ত।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অরি একটি আসল ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় বীর আসলে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তারা এবং এপি ধিলোঁর জন্য গলা ফাটাচ্ছেন। বীর নিজে সেই ভিডিওটি শেয়ার করে লিখেছিলেন, ‘সত্যের জয় সবসময় হয় (যা মিডিয়া আপনাদের দেখাবে না)।’
তারা সুতারিয়া নিজে সোশ্যাল মিডিয়ায় এই নোংরা প্রচারণার পর্দা ফাঁস করেন।একজন ইনফ্লুয়েন্সার জানান যে, তাঁকে মোটা টাকা অফার করা হয়েছিল তারা এবং বীরের সম্পর্কে আজেবাজে কথা লেখার জন্য। এমনকি কী কী ক্যাপশন লিখতে হবে, তার একটি তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করে তারা ক্ষোভ উগরে দেন। তিনি লেখেন, ‘ধন্যবাদ সত্যিটা বলার জন্য। আমার ইমেজ নষ্ট করার জন্য যে পিআর ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত ন্যক্কারজনক। তারা ডেরোগেটরি (Derogatory) ক্যাপশনের লিস্ট বানিয়ে ক্রিয়েটরদের বলছে জরুরি ভিত্তিতে শেয়ার করতে! লজ্জাজনক!’
কে এই বীর পাহাড়িয়া?
বীর পাহাড়িয়া (যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি) এবং তারার সম্পর্কের শুরু থেকেই বেশ গোপনীয়তা ছিল। তবে গত বছর থেকে তাঁদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছিল।
অক্ষয় কুমারের আসন্ন মেগা প্রজেক্ট ‘স্কাই ফোর্স’ দিয়ে বলিউডে জার্নি শুরু করেছেন বীর। অন্যদিকে, আদর জৈনের সঙ্গে দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদের পর তারার জীবনে বীরের আগমন এক নতুন আশা নিয়ে এসেছিল। কিন্তু সেই আশার প্রদীপ কি এত তাড়াতাড়ি নিভে গেল? প্রশ্ন এখন ভক্তদের মনে। তারা বা বীর—এখনও পর্যন্ত কেউই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।