ফের দিতিপ্রিয়াকে কটাক্ষ জীতুর?

Spread the love

জীতু ও দিতিপ্রিয়ার মধ্যে যে মনোমালিন্য ঘটেছিল সে কথা কারও অজানা নয়। এই মুহূর্তে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে ‘অপর্ণা’ চরিত্রে অভিনয় করছেন শিরিন। প্রথমে মনে হয়েছিল দিতিপ্রিয়াকে না দেখতে পেয়ে হয়তো ধারাবাহিকের টিআরপি কমে যাবে কিন্তু সেটা তো হয়নি বরং নতুন অপর্ণাকে দেখে ভীষণ খুশি সকলে।

দিতিপ্রিয়া সরে দাঁড়ানোর পর নতুন অপর্ণাকে নিয়ে পথ চলার পরেও টিআরপি তালিকায় প্রথম দিকেই ছিল ‘চিরদিনই তুমি যে আমার’। দিতিপ্রিয়া না থাকলেও যে ধারাবাহিকের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি, সেটা স্পষ্ট হয়ে যায় টিআরপি তালিকা দেখে। তবে দিতিপ্রিয়া সরে দাঁড়ানোর পর জীতু একাধিক পোস্টে বারবার বুঝিয়ে দেন যে তাঁকে কলুষিত করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি নিজের কর্তব্যে অবিচল থেকেছেন এবং দর্শকদের ভালোবাসা পেয়েছেন।

এবার আরও একটি নতুন পোস্ট করলেন অভিনেতা যেখানে তিনি নদীর সঙ্গে নিজেকে তুলনা করলেন। একটি সিংহের মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘নদীর ধারে বসে তুমি নদীর ওপর ঢিল মারলে বা নদীকে গালাগালি দিলে তাতে নদীর কিছু আসবে যাবে না। নদী নিজের ধারায় বয়ে যাবে। সেই প্রবাহমান নদীতে তুমি যদি সাঁতার না জেনে নাও তাহলে নদী তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে।’

এই পোস্টে কারও নাম উল্লেখ না করা থাকলেও বেশ বোঝাই যাচ্ছে এটি প্রাক্তন সহকর্মী দিতিপ্রিয়াকে উদ্দেশ্য করেই লিখেছেন জীতু। তাঁকে যেভাবে একাধিকবার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, তাতে তাঁর ইমেজ বিন্দুমাত্র নষ্ট হয়নি বরং দর্শকদের ভালোবাসায় তিনি আবার ফিরে এসেছেন ধারাবাহিকের পর্দায়।

তবে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের পর আর কোনও ধারাবাহিকে অভিনয় করবেন না জীতু, এ কথা কিছুদিন আগেই তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। আগামী দিনে তিনি ওয়েব সিরিজ বা বড় পর্দায় অভিনয় করতে চান কিন্তু ছোট পর্দায় আর ফিরতে চান না। যদিও অভিনেতার মুখে এই কথা শুনে ভীষণভাবে ভেঙে পড়েছেন তাঁর অনুরাগীরা।

অভিনেতাকে বারবার অনুরোধ করা হয়েছে যাতে নিজের এই সিদ্ধান্ত তিনি পাল্টান। প্রতিদিন টিভির পর্দায় জীতুকে দেখতে চান ভক্তরা, তাই ধারাবাহিকে আবার কাজ করার অনুরোধ জানিয়েছেন তাঁরা। আগামী দিনে এই অনুরোধ কতটা রাখবেন জীতু, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *