ফের হিন্দি ছবির নায়িকা প্রান্তিকা

Spread the love

২০২৪ সালে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেছিলেন বঙ্গ তনয়া প্রান্তিকা দাস। কার্তিক আরিয়ানের সঙ্গে করেছিলেন অভিনয়। যে কোনও টলি নায়িকার কাছে এমন ছবিতে অভিনয় করার সুযোগ আসা মানেই সেটা স্বপ্ন পূরণ হওয়ার মত। তেমনি স্বপ্ন পূরণ হয়েছিল প্রান্তিকার।

এবার নতুন বছর শুরু হতে না হতেই আবার বলিউড থেকে ডাক পেলেন তিনি। এবারেও হরর কমেডি ঘরানার ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। সিনেমার নাম ‘জোর’। তিন বন্ধুর গল্প নিয়ে তৈরি হওয়া এই সিনেমায় একটি বন্ধুর চরিত্রে অভিনয় করবেন তিনি। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তিনি।

জোর গল্প প্রসঙ্গে

এই সিনেমায় তিন বন্ধুর চরিত্র দেখানো হবে যাদের নাম যথাক্রমে জিতু, গুড্ডু এবং সরস্বতী। সরস্বতীর চরিত্রে অভিনয় করবেন প্রান্তিকা। প্রান্তিকা ছাড়া অভিনয়ে করবেন ঋষভ রাজ চাড্ডা এবং আকাশ মাখিজা। এই দুই অভিনেতাই ওটিটি প্লাটফর্মের ভীষণ পরিচিত মুখ। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জয় সেনগুপ্ত।

বছরের শুরুতেই ফের বলিউডে অভিনয় করার সুযোগ পেয়ে আপ্লুত প্রান্তিকা বলেন, ‘এই ছবিটি আমার কাছে ভীষণ স্পেশাল। সরস্বতীর চরিত্রটা ভীষণ চ্যালেঞ্জিং আমার কাছে। সরস্বতীর জীবনে রয়েছে উচ্চাকাঙ্ক্ষা, যা পূরণ করার জন্য সে সবকিছু করতে রাজি।’অভিনেত্রী আরও বলেন, ‘সুন্দরী হওয়ার জন্য সরস্বতী নিজের উচাকাঙ্ক্ষা পূরণ করার জন্য সেই সৌন্দর্যকে কাজে লাগায়। তবে এই ছবিতে বেশ কয়েকটি ভয়ের দৃশ্য রয়েছে। শ্যুটিং করতে গিয়ে বেশ ভয় লেগেছে। আশা করি এই ছবিটি মানুষের ভীষণ ভালো লাগবে।’

প্রসঙ্গত, গৌরব দত্ত পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ১৬ জানুয়ারি। প্রযোজনায় কে এস এস প্রোডাকশন। কেরিয়ারের প্রথম দিকেই এমন সুযোগ বারবার পাওয়া যে প্রান্তিকার জন্য ভীষণ লাভজনক হতে চলেছে সেটা বলাই বাহুল্য।

প্রান্তিকা গত বছর অভিনয় করেছিলেন ‘ভর্গ’ নামক একটি সিনেমায় যেখানে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছিলেন সৌরভ দাস। তবে এই বছর শুধু বলিউড নয়, একটি উড়িয়া ছবিতেও কাজ করবেন প্রান্তিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *