বছরের শুরুতেই হাসপাতালে শক্তি কাপুর

Spread the love

গত বছর এই যেভাবে একের পর এক বলি তারকারা সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন, তাতে খুব স্বাভাবিকভাবেই এখন কোনও বয়স্ক তারকাকে হাসপাতালের সামনে দেখলেই চিন্তিত হয়ে পড়েন সকলে। বছরের শুরুতেই তাই মুম্বই হাসপাতালে ৭৩ বছর বয়সী শক্তি কাপুরকে দেখে এগিয়ে আসেন ছবি শিকারীরা।

শক্তি কাপুরকে নিয়ে মুম্বইয়ের হাসপাতালে এসেছিলেন শ্রদ্ধা কাপুর। বাবা মেয়েকে হঠাৎ হাসপাতালে দেখে ক্যামেরা নিয়ে যখনই এগিয়ে আসেন ছবি শিকারীরা, তখনই সকলকে দেখে ভীষণ বিরক্ত হয়ে যান শ্রদ্ধা। হাত দিয়ে সকলকে ক্যামেরা বন্ধ করার নির্দেশ দেন তিনি। অভিনেত্রীর ভাবভঙ্গি দেখে স্পষ্ট হয়ে যায়, তিনি একেবারেই গোটা ব্যাপারটি ভালো চোখে দেখেননি।এই দিন শ্রদ্ধা পরেছিলেন একটি ছাপা ছাপা শার্ট, ডেনিম প্যান্ট এবং মুখে মাস্ক। অন্যদিকে শক্তি পরেছিলেন গোলাপি রঙের হাফপ্যান্ট এবং টি-শার্ট। বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতালের সামনে দেখা গেলেও তাঁকে চেনা পরিচিত ভাবভঙ্গিতেই দেখতে পাওয়া যায়।

তবে শ্রদ্ধা কাপুর যতই সকলকে ছবি তুলতে বারণ করুন না কেন, সেই ছবিশিকারীরা নিজেদের কাজ করে নিয়েছেন। এই মুহূর্তে সেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বর্ষীয়ান অভিনেতার শারীরিক সমস্যা নিয়ে প্রশ্ন উঠতে থাকে যদিও আদৌ ঠিক কি কারণে হাসপাতালে গিয়েছিলেন শক্তি কাপুর, সেটা এখনও অজানা।

প্রসঙ্গত, গত বছর ছবির শ্যুটিং চলাকালীন আচমকা আহত হয়ে যান শ্রদ্ধা। বাম পায়ে আঘাত লাগায় বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হয় তাঁকে। তবে পরিচালক এবং প্রযোজকদের কথা ভেবে তিনি ইনডোর শ্যুটিং চালিয়ে গিয়েছেন সমানে। ‘ইধা’ নামের এই ছবিতে শ্রদ্ধাকে দেখতে পাওয়া যাবে লাভলি শিল্পী মীরাবাঈ ভাই মাং নারায়ণ গাঁওকরের চরিত্রে অভিনয় করতে।

এছাড়া ২০২৪ সালে ‘স্ত্রী ২’ ছবিতে অসাধারণ অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছিলেন শ্রদ্ধা। ২০২৪ সালের সব থেকে বেশি আয় করেছিল ওই ছবিটি। হরর কমেডি এই সিনেমাটিতে অভিনয় করে এক লাফে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় নিজের নাম লেখাতে পেরেছিলেন শ্রদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *