মুস্তাফিজুর ইস্যুর পর বিসিবির তরফে রবিবারই জানিয়ে দেওয়া হয়েছে যে, বাংলাদেশ টিম ভারতে খেলতে আসবে না। এই মর্মে এক ইমেলও আইসিসিকে দেওয়া হয়েছে ইউনুস সরকারের বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফে। এরপরই এক রিপোর্টে দাবি করা হয়েছে, বাংলাদেশের দাবি মতো, তাদের দেশের টিমের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরিত হতে পারে। ‘ক্রিকবাজ’র রিপোর্ট বলছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত আসতে পারে। এদিকে, এই গোটা পর্ব ঘিরে যখন চেয়ারম্যান জয় শাহের আইসিসির সিদ্ধান্তের দিকে তাকিয়ে ক্রিকেটমহল, তখনই উঠে এল জয় শাহকে ঘিরে এক খবর।
এদিন গুজরাটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে আইসিসির চেয়ারম্যান তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ, ভারতে আয়োজিত হতে চলা ২০৩৬ অলিম্পিক গেমস নিয়ে দেন বড় বার্তা। জয় শাহ বলেন,’ ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের পর ভারতের লক্ষ্য ২০৩৬ অলিম্পিক (আয়োজনের)।’ এছাড়াও জয় শাহ বলেন,’প্রধানমন্ত্রী ২০৩০ সালে ভারতে কমনওয়েলথ গেমস এনেছেন, কিন্তু আমাদের এখানেই থেমে থাকা উচিত নয়। আমাদের ২০৩৬ সালে অলিম্পিকও আনতে হবে। আমরা ২০২৪ সালের অলিম্পিকে আটটি পদক জিতেছি, কিন্তু আমি আপনাদের সকলকে বলতে চাই যে ২০৩৬ সালে আটটি পদকই যথেষ্ট হবে না।’ একইসঙ্গে জয় শাহ বলেন,’ আমাদের কমপক্ষে ১০০টি পদক জিততে হবে। সেই ১০০টি পদকের মধ্যে, আমরা গুজরাট থেকে কমপক্ষে ১০টি জিতব। আমার পূর্ণ বিশ্বাস আছে।’
এরপরই তিনি চলে আসেন ক্রিকেটের কথায়। জয় শাহ বলেন,’ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আমরা হৃদয় জয় করেছিলাম কিন্তু ট্রফি জিততে পারিনি। একটি ব্যক্তিগত অনুষ্ঠানে আমি বলেছিলাম যে ২০২৪ সালে, আমরা হৃদয় এবং কাপ দুটোই জিতব এবং আমরা তা করেছি, ২০২৪ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জিতেছি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছি।’

উল্লেখ্য, অন্য এক অনুষ্ঠানে ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মুখ খোলেন। তিনি বলেন,’ ২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতে অনুষ্ঠিত হবে। ভারত ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুতি নিচ্ছে।’ নরেন্দ্র মোদী, এদিন ৭২ তম জাতীয় ভলিভল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করে বলেন,’গত দশকে, বিভিন্ন শহরে ২০টিরও বেশি বড় আন্তর্জাতিক ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে রয়েছে অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ, হকি বিশ্বকাপ এবং বড় বড় দাবা টুর্নামেন্ট।’