বেইজিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Spread the love

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে আবারও দেখা দিয়েছে উত্তেজনা। বেইজিংয়ের বিরুদ্ধে ফিলিপিন্সের টহল বিমান লক্ষ্য করে তিনটি ফ্লেয়ার ছোড়ার অভিযোগ করেছে ম্যানিলা। এমনকি জাপানি সামরিক বিমানের দিকেও রাডার তাক করার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি চীন।

এশিয়ার শীর্ষ দুই অর্থনীতির দেশ চীন-জাপানের মধ্যে বাড়ছে উত্তেজনা। টোকিও’র অভিযোগ, সম্প্রতি ওকিনাওয়া দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক আকাশসীমায় জাপানি সামরিক বিমানের দিকে ফায়ার-কন্ট্রোল রাডার তাক করেছে চীনা যুদ্ধবিমান।

রোববার (৭ ডিসেম্বর) সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে এ ঘটনার তীব্র নিন্দা জানান জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি। ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বেইজিং।

শুধু জাপানের সামরিক বিমানই নয়। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহল দেয়ার সময় ফিলিপিন্সের বিমান লক্ষ্য করে তিনটি ফ্লেয়ার ছোড়ার অভিযোগ উঠেছে চীনা বাহিনীর বিরুদ্ধে। চীনের নিয়ন্ত্রণে থাকা সুবি রিফ থেকে ছোড়া ওই ফ্লেয়ারে বিমানটির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ম্যানিলার কোস্টগার্ড। 

নিয়মিত টহলের সময় বিতর্কিত এই কৃত্রিম দ্বীপটির কাছে একটি চীনা হাসপাতাল জাহাজ, দুটি চীনা কোস্টগার্ড জাহাজ এবং সন্দেহভাজন ২৯টি মিলিশিয়া জাহাজ নোঙর করা অবস্থায় দেখা গেছে বলেও জানায় ফিলিপিন্স।

বিদেশি বিমানগুলোকে বেইজিংয়ের কথিত আকাশসীমা এড়িয়ে চলাচলের বিষয়ে সতর্ক করতে এর আগেও চীনা বাহিনী তাদের দখলে থাকা দ্বীপ ও বিমান থেকেও এমন ফ্লেয়ার ছুড়েছে বলে অভিযোগ রয়েছে। এমনকি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ দক্ষিণ চীন সাগরের সম্পূর্ণ মালিকানাও দাবি করে আসছে বেইজিং।

বিরোধপূর্ণ অঞ্চল স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের কাছে কয়েকটি কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে সামরিক ঘাঁটি তৈরির অভিযোগও রয়েছে।

এ অবস্থায় চীনের উত্থান রোধে শক্ত অবস্থানের কথা বলছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। বলেন, বেইজিংকে দমনের কোনো উদ্দেশ্য নেই ওয়াশিংটনের। তবে মার্কিন মিত্ররা যেন তাদের সামরিক আগ্রাসনের শিকার না হয় সেটা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *