ভারতীয় ক্রিকেটারকে ‘প্ল্যান্টেড’ আখ্যা পাকিস্তানের দলে সুযোগ পাওয়া একমাত্র বাঙালি

Spread the love

মুস্তাফিজুর রহমান কাণ্ডে উত্তপ্ত দুই দেশের ক্রিকেট মহল। বাংলাদেশে চলমান হিন্দু নির্যাতনের আবহে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এই ইস্যুতে বিসিসিআইয়ের সিদ্ধান্তের পক্ষে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। আর সেই আকাশ চোপড়াকে ‘প্ল্যান্টেড ম্যান’ বলে আখ্যা দিলেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার রকিবুল হাসান।

উল্লেখ্য, মুস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করা হচ্ছিল রকিবুলকে। সেই সময় আকাশ চোপড়ার মতামত নিয়ে রকিবুলকে প্রশ্ন করেন এক সাংবাদিক। তখন রকিবুল বলেন, আমি এই সংক্রান্ত প্রশ্নের জবাব দেব না। এটা খুব নেগেটিভ বিষয়। হয়ত আকাশ চোপড়া না কে, সে একজন ‘প্ল্যান্টেড ম্যান’। প্রসঙ্গত, আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়া প্রসঙ্গে আকাশ চোপড়া বলেছিলেন, ‘পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে সুযোগ পায় না, সেটা তাদের দেশের দোষ, ক্রিকেটারদের দোষ না। মুস্তাফিজ আইপিএলে সুযোগ পাবেন না, সেটা তাঁর দোষ না, তাঁর দেশের দোষ।’ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আকাশ চোপড়াকে পাত্তা দিলেন না রকিবুল।

এদিকে মুস্তাফিজ ইস্যুতে রকিবুলের বক্তব্য, বিশ্বকাপ হতে চলেছে ভারতে। বাংলাদেশের এক মুস্তাফিজকে যদি ভারত নিরাপত্তা না দিতে পারে, তাহলে বাংলাদেশের গোটা দল ভারতে কীভাবে খেলতে যাবে? তিনি বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকাল শুধু ক্রিকেট নয়, সব খেলাতেই নিরাপত্তার দিকটা খুবই জরুরি। আর এই মুহূর্তে ভারতের সঙ্গে আমাদের টানাপোড়েন চলছে। আমি জানি না, সেই রাজনৈতিক বিষয়গুলিও এখানে এসেছে কি না। যদি সেটা এসে থাকে, তাহলে এর থেকে দুঃখজনক বিষয় আর নেই।’

উল্লেখ্য, পাকিস্তানি দলে সুযোগ পাওয়া একমাত্র বাঙালি রকিবুল। স্বাধীন বাংলাদেশের পক্ষে সওয়াল করে ব্যাটে স্টিকার লাগিয়ে ১৮ বছর বয়সে পাকিস্তানের হয়ে খেলেছিলেন রকিবুল। তবে কমনওয়েলথ দলের বিরুদ্ধে সেই ম্যাচ টেস্ট স্ট্যাটাস পায়নি। মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় সেই ম্যাচও শেষ হয়নি। মুক্তিযুদ্ধের সময় রকিবুল পালিয়ে গিয়েছিলেন নিজের বাড়ি থেকে। এমনকী এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন। তিনি বাড়ি ছাড়ার কয়েক ঘণ্টা পরই তাঁকে খুঁজতে এসেছিল পাকিস্তানি সেনা। তাঁকে সম্ভবত খুন করার পরিকল্পনা ছিল পাক হানাদারদের। পরবর্তীতে বাংলাদেশের হয়ে দুটি ওডিআই খেলেছিলেন রকিবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *