ভেনেজুয়েলা ‘আমাদের এলাকা’! বললেন ট্রাম্প

Spread the love

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানে তুলে আনার পর দেশটিকে নিজেদের এলাকা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) ও জাতি গঠন (নেশন বিল্ডিং) নিয়ে তার আগের বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, মনরো ডকট্রিন অনুযায়ী ‘এটা আমাদের এলাকা’।

তিনি আরও বলেন, ‘আমাদের আশপাশের দেশগুলো যেন টেকসই ও সফল হয়-এটাই আমাদের কাজ, আর যেখানে তেল আছে, সেখানে যেন তা অবাধে উত্তোলন করা যায়।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলাকে আবার ‘ফিরিয়ে আনতে’ হবে। একইসঙ্গে দেশটিকে তিনি ‘মৃত’ বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট বলেন, ‘অবকাঠামো ফিরিয়ে আনতে তেল কোম্পানিগুলোর বড় ধরনের বিনিয়োগ দরকার হবে।’

ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজে কিছুই বিনিয়োগ করবে না, তবে যুক্তরাষ্ট্র ‘দেশটির দেখভাল করবে’ এবং ‘মানুষদেরও ভেনেজুয়েলানসহ… যারা নিজের দেশ ছেড়ে এসে এখন যুক্তরাষ্ট্রে থাকছেন।’

আলাপকালে নিকোলাস মাদুরোকে তুলে আনার পর ভেনেজুয়েলার বর্তমান প্রশাসনের বাকি সদস্যরা দেশটিকে ‘সুসংগঠিত’ করার প্রচেষ্টায় সহযোগিতা না করলে যুক্তরাষ্ট্র সেখানে দ্বিতীয়বার হামলা চালাতে পারে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদের অবস্থান এখন নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই মাদুরো ও তার স্ত্রীকে বন্দিশিবিরে পাঠানো হয়। সোমবার তাদেরকে নিউইয়র্কের একটি আদালতে তোলার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *