মিনেসোটায় অভিবাসীবিরোধী অভিযান কমানোর ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের

Spread the love

জনঅসন্তোষ আর রাজনৈতিক চাপের মুখে অবশেষে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসীবিরোধী অভিযান কমানোর ইঙ্গিত দিয়েছে ডনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের সীমান্ত বিষয়ক প্রধান টম হোম্যান স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মলনে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফেডারেল এজেন্টদের সংখ্যা ধাপে ধাপে কমানো হবে। একই সঙ্গে জননিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প প্রশাসন।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পরই সেই প্রতি পূরণে কঠোর পদক্ষেপ নেয়া শুরু করেন ট্রাম্প। এখন যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসীদের গণ-নির্বাসন কর্মসূচি বাস্তবায়ন চলছে। যার মূল দায়িত্বে রয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই নামে বিতর্কিত এক সরকারি বাহিনী।

গত বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের অন্যান্য অভিবাসীপ্রধান এলাকার মতো মিনেসোটায় ‘অপারেশন মেট্রো সার্জ’ নামে ধরপাকড় জোড়দার করে আইসিই কর্মকর্তারা। এই অভিযানের আওতায় প্রধান দুই শহর মিনিয়াপোলিস ও সেন্ট পলসহ বিভিন্ন শহরে সাড়াশি অভিযান শুরু হয়। গত এক বছরে ১০ হাজারেরও বেশি অভিবাসী আটক করা হয়েছে বলে জানিয়েছে আইসিই।

তবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের নামে অভিবাসন কর্মকর্তাদের ব্যাপক ধরপাকড় ও গুলিতে দুই মার্কিন নাগরিক নিহতের ঘটনায় তীব্র জনঅসন্তোষ তৈরি হয়েছে। এমনকি নিজ দল রিপাবলিকানদের মধ্যে সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন।

এমন পরিস্থিতিতে মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের বার্তা দিলেন হোয়াইট হাউসের সীমান্ত বিষয়ক প্রধান টম হোম্যান।

মিনিয়াপোলিসে স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মিনেসোটায় মোতায়েন করা ফেডারেল এজেন্টদের জন্য একটি ‘ড্র-ডাউন প্ল্যান’ তৈরির নির্দেশ দেয়ার কথা জানান তিনি। বলেন, বড় বড় অভিযান বা সড়কে তল্লাশির পরিবর্তে ফেডারেল এজেন্টদের নির্দিষ্ট ও পরিকল্পিত অভিযান পরিচালিত করা হবে।

হোম্যান স্বীকার করেন, অভিযানের সময় কিছু ক্ষেত্রে পেশাদার আচরণের ঘাটতি ছিল। তিনি বলেন, জননিরাপত্তা নির্বাসনের চেয়েও বড় অগ্রাধিকার। যারা দায়িত্বে থেকে ভুল করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও কড়া বার্তা দেন তিনি।

হোম্যান বলেন, ইতোমধ্যে অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ, অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন ও মেয়র জ্যাকব ফ্রের সঙ্গে বৈঠক করেছেন তিনি। চলমান সমস্যার পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত অঙ্গরাজ্যে থাকার কথাও জানান হোম্যান।

নানা সমালোচনার মধ্যেও যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলে থেমে নেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট- আইসিই জানায়, মেইন অঙ্গরাজ্যে চলমান অভিযানে চলতি মাসের শেষ দিকে মাত্র চারদিনে ২ শতাধিক অবৈধ অভিবাসী গ্রেফতার করেছে তারা। গ্রেফতারকৃতরা গুরুতর অপরাধে জড়িত বলেও দাবি আইসিইর।

এদিকে এই উত্তেজনার মধ্যেই মিনেসোটার গভর্নর পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ডেমোক্র্যাট সিনেটর অ্যামি ক্লোবুশার। রাজ্যের রাস্তায় হাজার হাজার আইসিই এজেন্ট পাঠানোর কারণেই বিভাজন বেড়েছে বলে মন্তব্য করেছেন ক্লোবুশার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *