এফ–১৬ যুদ্ধবিমান আধুনিক করতে যুক্তরাষ্ট্র থেকে ৬৮ কোটি ৬০ লাখ ডলারের (৬৮৬ মিলিয়ন) একটি উন্নত প্রযুক্তি ও সহায়তা প্যাকেজ কিনছে পাকিস্তান।গত সোমবার (৮ ডিসেম্বর) মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) থেকে কংগ্রেসে পাঠানো এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।
সংবাদমাধ্যম জিও নিউজের তথ্যানুযায়ী, এই প্যাকেজে লিংক–১৬ ডেটা লিংক সিস্টেম, ক্রিপ্টোগ্রাফিক সরঞ্জাম, আধুনিক এভিয়নিক্স, প্রশিক্ষণ এবং লজিস্টিক সাপোর্টসহ বিভিন্ন সুবিধা রয়েছে। ডিএসসিএ বলছে, এতে পাকিস্তান সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে এবং ভবিষ্যতে মার্কিন ও সহযোগী বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করতে পারবে।
প্রতিবেদনে বলা হয়, এই যন্ত্রপাতি পাকিস্তানের ব্লক–৫২ এবং মিড-লাইফ আপগ্রেড এফ–১৬ যুদ্ধবিমানগুলোকে আরও নতুন করে তৈরি করবে। এতে এসব যুদ্ধবিমান নিরাপদে চালানোর জন্য উপযোগী হয়ে উঠবে।
ডিএসসিএ আরও বলেছে, এই উন্নত প্রযুক্তি বসানোর ফলে পাকিস্তান ও মার্কিন বিমানবাহিনী যুদ্ধ, মহড়া ও প্রশিক্ষণে সহজে এবং কার্যকরভাবে একসঙ্গে কাজ করতে পারবে। এই মেরামত ও আধুনিকায়নের ফলে বিমানগুলো ২০৪০ সাল পর্যন্ত ব্যবহার করা যাবে এবং নিরাপত্তার গুরুত্বপূর্ণ সমস্যা দূর হবে।
ডিএসসিএ দাবি করেছে, এই প্রযুক্তি ব্যবহারে পাকিস্তানের কোনো সমস্যা হবে না এবং এতে অঞ্চলের সামরিক ভারসাম্য নষ্ট হবে না। লকহিড মার্টিন এই প্রকল্পের মূল ঠিকাদার হলেও এ কারণে পাকিস্তানে অতিরিক্ত মার্কিন কর্মী পাঠাতে হবে না।

এই প্যাকেজের মোট অর্থের মধ্যে প্রধান প্রতিরক্ষা সরঞ্জামের জন্য ৩ কোটি ৭০ লাখ ডলার খরচ হবে। আর বাকি ৬৪ কোটি ৯০ লাখ ডলার খরচ হবে অন্যান্য সরঞ্জাম খাতে।
লিংক–১৬ হলো একটি নিরাপদ যোগাযোগব্যবস্থা, যা যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও মিত্রদের মধ্যে প্রকৃত সময়ে তথ্য আদান-প্রদান করতে পারে। এই প্রযুক্তি জ্যামিং প্রতিরোধ করতে পারে এবং যুদ্ধ চলাকালে নজরদারি, শত্রুকে চিহ্নিত করা, অস্ত্র ব্যবহার এবং দিকনির্দেশনার মতো গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে।