বেশ কিছুদিন ধরে কার্তিক আরিয়ানের নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে সর্বত্র। যদিও এই প্রথমবার নয়, এর আগে একাধিক অভিনেত্রীর সঙ্গে অভিনেতার সম্পর্কের কথা জানা যায়। তবে এবার আমেরিকার করিনা কুবিলিওটের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর রীতিমতো তোলপাড় হয়েছে নেটপাড়া।
নতুন বছরের প্রথমেই কার্তিক এবং সেই রহস্যময়ী নারীর ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয় যেখানে বোঝা যায় দুজনে একই জায়গা থেকেই ছবি পোস্ট করেন। অনেকেই ভাবেন কার্তিক হয়তো তাহলে এবার নতুন সম্পর্কে জড়িয়েছেন। কার্তিকের সম্পর্কের গুঞ্জনের মধ্যেই করিনা একটি পোস্ট করে জানান, তিনি এবং কার্তিক শুধুই বন্ধু আর কিছুই নয়। কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট আবার ডিলিট করে দেওয়া হয়।
এবারে কার্তিকের প্রেমের গুঞ্জনে উঠে এল নতুন মোড়। জানা গিয়েছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে করিনা এবং কার্তিক দুজনেই একই হোটেলে ছিলেন যদিও দুজনে আলাদা রুমে ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র থেকে জানা গিয়েছে, কার্তিক এবং করিনা দুজনেই ছিলেন গোয়ার সেন্ট রেজিস হোটেলে।অন্য একটি সূত্র থেকে জানা গিয়েছে, একই হোটেলে থাকলেও দুজনে আলাদা রুমে ছিলেন। হোটেলের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গোপনীয়তা বজায় রাখার স্বার্থে এই বিষয় নিয়ে কোনও কিছু মন্তব্য করতে চাননি।
এর আগে সারা আলি খান, জাহ্নবী কাপুর, নুসরত ভারুচা এবং অনন্যা পান্ডের সঙ্গে কার্তিক আরিয়ানের নাম যুক্ত ছিল। কিছুদিন আগে শ্রীলীলার সঙ্গেও কার্তিকের নাম জড়িয়েছিল, যদিও এখনও পর্যন্ত কার্তিক তাঁর সম্পর্কের স্ট্যাটাস ‘সিঙ্গল’ বলে জানিয়েছেন।

কার্তিকের শেষ ছবির কথা বলতে গেলে, কার্তিক আরিয়ানের ছবি ‘তু মেরি ম্যায় ম্যায় মে তেরা তু মেরি’ বক্স অফিসে মুখ থুবড়ে পরেছে। ছবিটি একটি রোমান্টিক কমেডি মুভি ছিল যা নিয়ে খুব আশায় ছিলেন পরিচালক, তবে ছবির গল্প বা এর কমেডি কোনওটিই মানুষের কাছে পছন্দ হয়নি। ফলস্বরূপ ছবিটি বক্স অফিসে সফলতা অর্জন করতে পারেনি।কার্তিক আরিয়ানের এই সিনেমাটি শীঘ্রই ওটিটিতেও আসবে। কার্তিক আরিয়ান ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্তা, জ্যাকি শ্রফ এবং টিকু তালসানিয়া।