রেলের নয়া মাইলফলক! ১৮০ কিমি স্পিডে ছুটল বন্দে ভারত স্লিপার

Spread the love

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ছুটল বন্দে ভারত স্লিপার ট্রেন। রাজস্থানের কোটা থেকে মধ্যপ্রদেশের নাগদা সেকশনে ট্রায়াল রানে ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে ছুটে নজির গড়ল এই অত্যাধুনিক ট্রেন। মঙ্গলবার সেই পরীক্ষার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সাফল্যের কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাহলে কী নতুন বছরেই সাধারণ মানুষের জন্য এই ট্রেনের দরজা খুলে দেওয়া হবে? এবার এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রীদের মধ্যে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের এক্স হ্যান্ডেলে সফল পরীক্ষার একটি ২৪ সেকেন্ডের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘রেলওয়ে নিরাপত্তা কমিশনার বন্দে ভারত স্লিপারের ট্রায়াল রান পরিদর্শন করেছেন। কোটা-নাগদা সেকশনে ট্রেনটি ১৮০ কিমি/ঘন্টা বেগে ছুটেছে। ‘ওয়াটার-টেস্ট’-এ এই নতুন প্রজন্মের ট্রেনটির প্রযুক্তিগত দক্ষতা প্রমাণিত হয়েছে।’ ভিডিওটিতে মোবাইল স্ক্রিনে ট্রেনের গতি ১৮২ কিমি/ঘন্টা বেগে পৌঁছাতে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে, ট্রেনটি যখন ১৮২ কিমি স্পিডে ছুটছে, তখন একটার উপর আরেকটা গ্লাস রয়েছে। তবে সবথেকে অবাক করা বিষয় হল, সেই সময় কোনও গ্লাস থেকেই জল পড়ছে না। এই তথাকথিত ‘ওয়াটার টেস্ট’ কার্যত প্রমাণ করে দিল, উচ্চগতির মাঝেও ট্রেনটির স্থিতিশীলতা ও প্রযুক্তিগত উৎকর্ষ কতটা উন্নত।

বর্তমানে ভারতীয় রেলে চলাচলকারী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলির নকশাগত সর্বোচ্চ গতি ১৮০ কিমি হলেও বাস্তবে সর্বাধিক অপারেটিং স্পিড ১৬০ কিমি। তবে রেল মন্ত্রকের ব্যাখ্যা অনুযায়ী, ‘ট্রেনের গড় গতি নির্ভর করে লাইনের বাঁক, মাঝপথের স্টপেজ ও রক্ষণাবেক্ষণ কাজের উপর।’ আগামী দিনের দিকে তাকিয়ে রেল মন্ত্রক জানিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেন রাতের দীর্ঘপথের যাত্রাকে আমূল বদলে দিতে চলেছে। আধুনিক সুযোগ সুবিধা, আরামদায়ক এসি স্লিপার কোচ ও উচ্চগতির মেলবন্ধনে দীর্ঘ দূরত্বের যাত্রীদের জন্য সময় সাশ্রয় হবে ব্যাপকভাবে। প্রথমে ব্যস্ত রুটগুলিতে ও পরবর্তী সময়ে ধাপে ধাপে সমস্ত রুটেই চালু হবে এই পরিষেবা। ইতিমধ্যেই বন্দে ভারত পরিষেবার বিস্তার শুরু হয়েছে দক্ষিণ ভারতে। চলতি মাসের শুরুতেই, ১৫ ডিসেম্বর চেন্নাই থেকে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের নারাসাপুর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস সম্প্রসারণের মাধ্যমে যাত্রীদের যোগাযোগ ও আরামের নতুন দিগন্ত খুলে দিয়েছে ভারতীয় রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *