গত ২৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘প্রজাপতি ২’, ওই একই দিনে
মুক্তি পেয়েছে কোয়েল এবং শুভশ্রীর দুটি ছবি। কিন্তু বাকিদের ছাপিয়ে
প্রজাপতি ইতিমধ্যেই ডানা মেলে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। আর তাই সিনেমার
সাফল্যের জন্যই বড় মায়ের কাছে পুজো দিলেন দেব।
ছবি মুক্তির আগে এবং ছবির সাফল্যের পর নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দিতে দেখা যায় একাধিক অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালককে। এর আগে শুভশ্রীর সঙ্গে ধূমকেতু ছবি মুক্তির সময় বড় মায়ের কাছে পুজো দিয়েছিলেন দেব। এবার প্রজাপতি ২ ছবির সাফল্যের জন্য আবার মন্দিরে পুজো দিতে দেখা যায় দেবকে।
তবে এই দিন শুধু দেব একা ছিলেন না, মন্দিরে ছিলেন জ্যোতির্ময় কুন্ডু এবং পরিচালক অভিজিৎ সেন। তবে যেহেতু মন্দিরের বাইরে প্রচুর ভিড় ছিল তাই তড়িঘড়ি পুজো সারতে দেখা যায় অভিনেতাকে। ভিআইপি গেট দিয়ে পুজো দিতে ঢুকলেও দেব বেশি দেরি করেন না। বাইরে অগণিত ভক্তদের কথা ভেবে তিনি তড়িঘড়ি পুজো সারার কথা বলেন পুরোহিতকে।
সোশ্যাল মিডিয়ায় দেবের সেই ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘বড়মা আমার নাম গোত্র সবকিছু জানেন। তাড়াতাড়ি করুন আজ। বাইরে বহু মানুষ দাঁড়িয়ে। আজ দেরি করলে চলবে না।’ দেবের কথা শুনে পুরোহিত মশাই বলেন, ‘হ্যাঁ, হয়ে গিয়েছে।’

প্রসঙ্গত, নতুন বছর পড়তে না পড়তেই দেব একগুচ্ছ ছবির কথা জানান ভক্তদের সকলের মন ভালো হয়ে যায়। একদিকে যেমন আসবে টনিক ২, তেমন কোয়েলের বিপরীতে আসবে খাদান ২। আবার চলতি বছর দুর্গাপুজোর সময় মুক্তি পাবে দেব শুভশ্রী অভিনীত একটি ছবি যদিও তার নাম এখনও ঘোষণা করা হয়নি।
শুধু তাই নয়, চলতি বছর ১৪ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাবে দেব অভিনীত ছবি বাইক এম্বুলেন্স দাদা। এই ছবিতে জগদ্ধাত্রী সিরিয়াল খ্যাত অঙ্কিতা মল্লিককে দেখতে পাওয়া যাবে অভিনয় করতে।