সোনালি বিবি মামলায় কেন্দ্র-রাজ্যকে বিশেষ বার্তা সুপ্রিম কোর্টের

Spread the love

চিকিৎসার জন্য প্রয়োজন হলে বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে আর্থিক সাহায্য করা হোক। মানবিকতার খাতিরে কেন্দ্র ও রাজ্যকে বার্তা দিল সুপ্রিমকোর্ট। বাংলাদেশের জেলে ৬ মাস আটকে ছিলেন বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী-সহ আরও ৪জন। আট বছরের সন্তানকে নিয়ে সোনালি বিবি দেশে ফিরলেও ওপারেই রয়েছেন তাঁর স্বামী দানিশ, পাইকরের তরুণী সুইটি এবং তাঁর দুই ছেলে। তাঁদের ফিরিয়ে আনতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন সোনালির বাবা ভদু শেখের আইনজীবী সঞ্জয় হেগড়ে।

সোনালি বিবিদের পুশব্যাক সংক্রান্ত মামলা শুক্রবার ওঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে। সেখানেই এই আবেদন করেন সঞ্জয়। এই আবেদনের পরেই নিজেদের মধ্যে আলোচনা করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বেঞ্চের অন্য দুই বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি এম পাঞ্চোলি। এরপরে এই মামলায় রাজ্য, কেন্দ্র এবং মামলাকারী সমস্ত পক্ষকে নথি পেশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আগামী ৬ জানুয়ারি এই মামলার সম্ভাব্য শুনানি হবে শীর্ষ আদালতে। এদিন প্রধান বিচারপতি সোনালি বিবি-র প্রত্যাবর্তন সংক্রান্ত খোঁজ নেন। তিনি প্রশ্ন করেন, ‘সোনালি বিবিকে দেশে ফেরানো হয়েছে? তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে? তাঁর কী কোনও আর্থিক সাহায্য লাগবে?’ এরপরেই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘যদি সোনালি বিবি-র কোনও আর্থিক সাহায্য লাগে, সেক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রকে বলব, মানবিক দিক থেকে বিবেচনা করে যেন আর্থিক সহায়তা করা হয়।’ এই পর্যবেক্ষণের সঙ্গে সম্মত হন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং রাজ্যের আইনজীবী কপিল সিব্বল।

এদিন সোনালি বিবির বাবা ভদু শেখের আইনজীবী সঞ্জয় হেগড়ে আদালতে বলেন, ‘এখনও এক মহিলা ও তাঁর শিশু বাংলাদেশে আটকে রয়েছেন। তাঁদের সঙ্গে রয়েছেন আরও দু’জন। কেন্দ্রীয় সরকারের কাছে আমার অনুরোধ সবাইকে দ্রুত দেশে ফেরানো হোক।’ এরপরেই নিজেদের মধ্যে আলোচনা করে নেন তিন বিচারপতি। তারপরেই তুষার মেহতা, কবিল সিব্বল এবং সঞ্জয় হেগড়ে-কে সকলকে নথি পেশের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার শীর্ষ আদালতে সলিসিটর জেনারেল বলেন, ‘একটা বিরূপ মতাদর্শ তৈরি করার চেষ্টা করা হচ্ছে।’ এক সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে আদালতে তাঁর অভিযোগ, ‘গোটা ঘটনাটিকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।’ এরপরেই প্রধান বিচারপতি বলেন, ‘আমরা সংবাদপত্র পড়ার সময় পাই না৷ তবে এটা ঠিক যে, কোনও বিচারাধীন বিষয় নিয়ে রানিং কমেন্ট্রি করা ঠিক নয়।’ পাশাপাশি ওই সংবাদমাধ্যম তা করেছে কিনা, জানতে চান প্রধান বিচারপতি। অর্ধসত্যের উপরে ভিত্তি করে কিছু লেখা হলে জটিলতা তৈরি হতে পারে বলে পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সূর্য কান্তের। পাল্টা কপিল সিব্বল বলেন, ‘একাধিক মতাদর্শ আছে, পাল্টা মতাদর্শ আছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডে প্রতিদিনই সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়।’ পাল্টা তুষার মেহতা বলেন, ‘আমরা ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রে নেই।’উল্লেখ্য, চলতি বছর বাংলায় কথা বলার জন্য সোনালি বিবি-সহ ৬ জনকে দিল্লি পুলিশ পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। বাংলাদেশের জেলে বন্দী ছিলেন বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবি। ২৬ জুন অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকেই বাংলাদেশে গ্রেফতার হয়ে জেলেই ছিলেন ৬ জন। ৬ মাস সেখানে থাকার পর অবশেষে জেলমুক্তি হয়েছে তাঁদের। কিন্তু দেশে ফিরতে পেরেছেন শুধু সোনালি ও তাঁর ৮ বছরের সন্তান। বাকিরা কবে ফিরবেন? অপেক্ষায় পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *