গোপন কথা আর রবে না গোপনে! সাহেব ভট্টাচার্যের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে বারবার প্যাঁচালো জবাব দিয়েছেন সুস্মিতা দে। তাঁরা পরস্পরের জীবনের অবিচ্ছেদ্য অংশ, তা বলে দেয় দুজনের সোশ্যাল মিডিয়ার দেওয়াল। সিরিয়ালের নায়ক-নায়িকাদের নিয়ে প্রেমের গুঞ্জন নতুন নয়, তবে সিরিয়াল শেষ হওয়ার পর বেশ কয়েক মাস পার হলেও সাহেব-সুস্মিতার প্রেমচর্চার স্ফূলিঙ্গ এতটুকু কমেনি।
মাস কয়েক আগেই রটেছিল তাঁদের‘পাকাদেখা’ হয়ে গিয়েছে। শীঘ্রই নাকি আংটি বদল। সেই গুঞ্জনকে ভুয়ো বলে উড়িয়েছেন সুস্মিতা। তবে ২০২৬-কে সাহেবের বাহুডোরেই স্বাগত জানালেন নায়িকা। শুধু সাহেব নয়, বর্ষবরণের রাতে নায়কের পরিবারের মধ্য়মণি অভিনেত্রী। সেই ঝলক উঠে এসেছে নায়িকার ফেসবুক পোস্টে।
বর্ষবরণের রাতে কালো স্লিভলেস ওয়ানপিসে সুস্মিতা। চকোলেট রঙা সোয়েট শার্ট আর ডেনিমে হ্যান্ডসাম সাহেব। সাহেবের বোন মেম, ভগ্নীপতি সুনীল ছেত্রীর সঙ্গে একফ্রেমে ধরা দিলেন সুস্মিতা। বোঝাই যাচ্ছে, জমে উঠেছিল ৩১শে ডিসেম্বরের পার্টি। নাচ-গান-আড্ডা-গল্প আর দেদার খানাপিনা।
সুস্মিতার পোস্টে অনুরাগীদের মন্তব্যের ঝড়। কেউ লিখেছেন, ‘নতুন বছরের ধামাকা’। কেউ জানতে চেয়েছেন বিয়েটা কবে!
মাস কয়েক আগে সাহেবের জন্মদিনে আদুরে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন সুস্মিতা। লিখেছিলেন, ‘শুভ জন্মদিন ‘দ্য কিং’ ভট্টাচার্য… মহাবিশ্ব এবং শ্রী রাধারানির আশীর্বাদ বর্ষিত হোক তোমার জীবনে—সুখ, সমৃদ্ধি, সাফল্য আর অফুরন্ত ভালবাসায় ভরে উঠুক প্রতিটি দিন। তুমি ইতিবাচকতার এক শক্তিকেন্দ্র। খুব নরম একজন মানুষ… সবসময় এভাবেই থেকো। প্রত্যেকের জীবনে একটা সাহেব ভট্টাচার্য দরকার।’ সুস্মিতার এই বার্তা সাফ করেছিল, দুজনের সম্পর্ক এখন আর বন্ধুত্বের গণ্ডিতে আটকে নেই।

এর আগে সুস্মিতা সম্পর্কে ছিলেন অনির্বাণ রায়ের সাথে। বাগদানও হয়েছিল। কিন্তু ভেঙে যায় ৫ বছরের প্রেম। ওদিকে সাহেব একটা সময় প্রকাশ্যে প্রেম করেছেন সোনিকা চৌহানের সঙ্গে। সোনিকার অকালমৃত্যু নাড়িয়ে দিয়েছিল অভিনেতাকে। মাঝে মডেল স্বাগতা দাসের সঙ্গে সম্পর্কের গুঞ্জন রটেছিল। তবে সেই পাঠ চুকেছে। আপতত সুস্মিতাতেই বাঁধা পড়েছেন সাহেব, তেমনটাই চর্চা।