প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন আইটি কর্মীর

Spread the love

গার্হস্থ্য হিংসার মামলায় কানাডায় ফিরতে না পারার ক্ষোভে প্রাক্তন স্ত্রীর বাড়িতে ঢুকে তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক আইটি কর্মীর বিরুদ্ধে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোলগোল পড়ে গিয়েছে হায়দরাবাদ জুড়ে। অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত যুবকের দাবি, তাঁর মায়ের মৃত্যুর কারণও নিহত তরুণী। তিনিও আইটি সংস্থার কর্মী। অন্যদিকে ২৯ বছর বয়সি তরুণীর দ্বিতীয় স্বামী দাবি করেছেন, তাঁর স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পুলিশ সূত্রে খবর, ওই তরুণী একটি আইটি সংস্থায় কর্মরত ছিলেন। ২০২২ সালে তাঁদের বিয়ে হয়। পরে স্বামী কানাডায় কাজের সূত্রে চলে যান এবং স্ত্রীও সেখানে যোগ দেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কানাডায় থাকাকালীন দাম্পত্যে অশান্তির জেরে ওই তরুণী ভারতে ফিরে আসেন এবং মহারাষ্ট্রে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেন। ২০২৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয় এবং ২০২৫ সালের এপ্রিল মাসে তরুণী দ্বিতীয়বার বিয়ে করেন। এদিকে, মায়ের মৃত্যুর পর ২০২৫ সালের মার্চে অভিযুক্ত যুবক ভারতে ফিরে আসে। গার্হস্থ্য হিংসার মামলার কারণে তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি থাকায় পাসপোর্ট স্থগিত হয়ে যায় এবং সে আর কানাডায় ফিরতে পারেনি। তারপর থেকে তেলাঙ্গানার পেড্ডাপল্লি জেলায় পৈত্রিক বাড়িতে থাকতে শুরু করে ওই যুবক। মায়ের মৃত্যুর জন্যও প্রাক্তন স্ত্রীকে দায়ী করতেন তিনি।

পরিকল্পনা

এরপর থেকেই অভিযুক্ত প্রাক্তন স্ত্রীকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাক্তন স্ত্রীর ঠিকানা জোগাড় করে দুই মাস আগে হায়দরাবাদে এসে একটি হোস্টেলে থাকতে শুরু করে অভিযুক্ত। সম্প্রতি প্রাক্তন স্ত্রীর বাড়িতে রেকিও করেন তিনি। বুধবার সে একটি ব্যাগে দুটি ছুরি, একটি ড্রিল মেশিন এবং পাঁচ লিটার পেট্রোল নিয়ে প্রাক্তন স্ত্রীর ফ্ল্যাটে ঢোকে। জোর করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং তরুণীকে মাথায় একাধিকবার ছুরি মেরে খুন করে বলে অভিযোগ। এই ঘটনার সময় ওই তরুণীর শাশুড়ি বারান্দায় ছিলেন। পরিবারের লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে ঘরের ভিতর থেকে আটক করে। জানা গিয়েছে, সে ঘরের চারপাশে পেট্রোল ঢেলে টয়লেটে লুকিয়ে ছিল। জানা গিয়েছে, ঘরে পেট্রল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্ত। তবে সেখান থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন আধিকারিকরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *