প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় (শংকর)। শুক্রবার দুপুরে ৯২ বছরে প্রয়াত হন তিনি। তাঁর এই প্রয়ানে গভীর ভাবে শোকাহত তাঁর অনুরাগীরা। ব্যতিক্রমী নন সৃজিত মুখোপাধ্যায়ও। সাহিত্যিকের মৃত্যুর পর একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন তিনি।
সৃজিত শংকরের গুণমুগ্ধ ভক্ত তো বটেই পাশাপাশি তিনি লেখকের খুবই জনপ্রিয় উপন্যাস ‘চৌরঙ্গী’ নিয়ে ছবিও বানিয়ে ছিলেন। যদিও আগেও একবার এই ‘চৌরঙ্গী’ নিয়ে ছবি হয়েছিল বাংলা ছবির স্বর্ণযুগে। সেই সময় উত্তম কুমার, উৎপল দও, শুভেন্দু চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী অভিনয় করেছিলেন। পরে এই একই উপন্যাস অবলম্বনে সৃজিত দর্শকদের উপহার দিয়েছিলেন ‘শাহজাহান রিজেন্সি’।
আর এবার সাহিত্যিকের এই প্রয়ানে নিজের মনখারাপের কথা জানিয়ে একটি বিশেষ পোস্ট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সৃজিত। সেখানে পরিচালক তাঁর ‘শাহজাহান রিজেন্সি’র সময়কার একটি অনুষ্ঠানের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমার কাছে আপনি সব সময় সেই ব্যক্তি যিনি আমাকে আমার কলকাতার প্রেমে ফেলেছিলেন একটি উপন্যাসের মাধ্যমে, যা আমার কৈশোরের এক অবিচ্ছেদ্য অংশ। আপনার যাত্রা যেন মসৃণ হয় এবং আপনাকে ধন্যবাদ এমন কিছু এই সব স্মৃতি এবং চরিত্রগুলি স্মরণী করে রাখার জন্য।’প্রসঙ্গত, বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক শংকর। গত বছর শেষের দিকে পড়ে গিয়েছিলেন বিশিষ্ট সাহিত্যিক। কোমরের হাড় ভেঙে যাওয়ায় হাসপাতালেও ভর্তি ছিলেন। তার পর অবশ্য সুস্থ হয়ে ওঠার হাসপাতাল থেকে ফিরেও ছিলেন। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারির গোড়ার দিকে ফের অসুস্থ হয়ে পড়েছিলেন। আবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। কিন্তু এবার আর তাঁর হাসপাতাল থেকে ফেরা হল না বাড়িতে। পাড়ি দিলেন ‘কত অজানারে’ পথে।
