গলায় তোয়ালে পেঁচিয়ে শ্বাসরোধ করে স্ত্রী’কে খুনের অভিযোগ উঠেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রাক্তন কর্মীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, নিজেকেও শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন ৬৫ বছরের ওই ব্যক্তি। স্ত্রী’কে হত্যার পর বাড়িতেই বসেছিলেন অভিযুক্ত। পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার না করা পর্যন্ত সেখানেই ছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম নাগেশ্বর রাও। তিনি দক্ষিণ বেঙ্গালুরুর বোম্মানাহাল্লির দ্য ভার্চুওসো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দা। অবসাদগ্রস্ত ছিলেন অভিযুক্ত নাগেশ্বর রাও। চিকিৎসাও চলছিল তাঁর। ঘটনার দিন আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু নিজেকে শেষ করার আগে স্ত্রী’কে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। আর সেই মতোই স্ত্রী সন্ধ্যা শ্রী’র গলায় তোয়ালে পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে মেরে ফেলেন নাগেশ্বর রাও, এমনই অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, খুনের পর বাড়ি ছেড়ে পালিয়ে যাননি তিনি। ঘরেই বসেছিলেন। পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার করে।
জানা গিয়েছে, স্ত্রী’কে খুনের পর এক সহকারীকে যোগাযোগ করেছিলেন অভিযুক্ত নাগেশ্বর রাও। তিনিই পুলিশে খবর দেন। এরপর নাগেশ্বর রাওয়ের বাড়িতে আসে পুলিশের একটি দল। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এই প্রসঙ্গে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের ডেপুটি কমিশনার অব পুলিশ সাইদুলু আদাভাথ জানিয়েছেন, ‘অভিযুক্ত অবসাদে ভুগছিলেন, সেই কারণে চিকিৎসাধীন ছিলেন। স্ত্রীকে খুনের পরে নিজেকেও মেরে ফেলার ভাবনা ছিল তাঁর। সেই কারণেই খুন বলে আপাতত মনে করা হচ্ছে।’ স্বামী-স্ত্রী’র মধ্যে আলাদা করে কোনও ঝামেলা হয়নি বলেই সূত্রের খবর। প্রাথমিক তদন্তেপর পুলিশের দাবি, নাগেশ্বর রাও জানিয়েছেন, তাঁর মৃত্যুর পর স্ত্রীর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। অনুমান, তাতেই স্ত্রীকে খুন করেছেন। ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দম্পতির মেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন বলে জানা গিয়েছে। তাঁকে পুলিশের তরফে খবর পাঠানো হয়েছে।
