উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের নাক কাটল ভারতের এআই সম্মেলনে। চিনে তৈরি রোবোট কুকুরকে নিজেদের বিশ্ববিদ্যালয়ে তৈরি বলে চালানোর চেষ্টা করে এক্সপো থেকে বিতাড়িত হল তারা। সর্বশেষ তথ্য অনুসারে, ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের আয়োজকরা গালগোটিয়া বিশ্ববিদ্যালয়কে এক্সপো ভেন্যু খালি করার নির্দেশ দিয়েছেন। দিল্লির ‘ভারত মণ্ডপম’-এ ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট আয়োজিত হচ্ছে। সেখানে গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের স্টলে চিনা তৈরি ‘ইউনিট্রি গো ২’ রোবটটিকে প্রদর্শিত করা হয় বলে অভিযোগ। তবে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দাবি করা হয়, তাদের সেন্টার অফ এক্সিলেন্সে এই রোবোট তৈরি হয়েছে। এবং এর নাম ‘ওরিয়ন’।
তবে সোশ্যাল মিডিয়ায় এই রোবোট নিয়ে একাধিক ভিডিয়ো পোস্ট করা হয় এবং তা ভাইরাল হয়ে যায়। বিশেষজ্ঞ এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। বিতর্ক এতটাই বেড়ে গিয়েছিল যে আয়োজকরা কঠোর পদক্ষেপ করলেন। অভিযোগ, বিশ্ববিদ্যালয়টি তাদের ‘ইন-হাউস’ উদ্ভাবন হিসেবে একটি বাণিজ্যিক চিনা পণ্য প্রদর্শন করেন এক্সপোতে। এতে এক্সপোর নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এদিকে এই রোবটের অনলাইন দাম প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকা।
এদিকে আন্তর্জাতিক স্তরের একটি সম্মেলন থেকে এভাবে বাদ পড়ায় গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় ধাক্কা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এর আগে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলা হয়েছিল যে তারা এই রোবোটটিকে নিজেদের আবিষ্কার হিসাবে বর্ণনা করছেন না, তবে এই রোবোটটিকে ‘শিক্ষণীয় সরঞ্জাম’ হিসাবে বর্ণনা করেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে স্পষ্টভাবে বলতে শোনা যায়, ‘আমরা এটা তৈরি করেছি’। ভিডিওতে দাবি করা হয়েছে যে এটি গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার অফ এক্সেলেন্স’ দ্বারা তৈরি করা হয়েছে। এই রোবোটটিকে ভারতীয় উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি হিসাবে প্রদর্শিত করা হয়েছিল।
