ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরের পরিবারে এখন উৎসবের মেজাজ। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এল সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরের বিয়ের দিনক্ষণ। আগামী ৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্ধোকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সচিন-পুত্র। সেই নিয়ে সাজোসাজো রব তেন্ডুলকর পরিবারে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের মূল অনুষ্ঠানটি মুম্বইয়ের একটি অভিজাত ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ৩রা মার্চ থেকেই শুরু হবে প্রাক-বিয়ের অনুষ্ঠান। মেহেন্দি, সঙ্গীতের পর ৫ তারিখ বিয়ের মূল বিবাহ অনুষ্ঠান।
সানিয়ার সঙ্গে অর্জুনের মাখামাখো সম্পর্কের জল্পনা দীর্ঘদিনের। মাস চারেক সচিন নিয়ে ছেলের বাগদানের খবর নিশ্চিত করেছিলেন।
কে এই সানিয়া চান্ধোক?
অর্জুনের হবু স্ত্রী সানিয়া মুম্বইয়ের এক অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সন্তান। সানিয়া হলেন মুম্বইয়ের প্রখ্যাত শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি। তাঁদের পরিবার ‘বাস্কিন রবিন্স’-এর মতো বড় ব্র্যান্ডের ব্যবসার সঙ্গে যুক্ত। সানিয়া একজন পেশাদার পশু চিকিৎসক (Veterinary Doctor)। এছাড়া তিনি মুম্বইয়ে পোষ্যদের জন্য একটি লাক্সারি স্পা চালান।
কীভাবে শুরু অর্জুন-সানিয়ার প্রেম?
সানিয়া এবং অর্জুন ছোটবেলার বন্ধু। সেখান থেকেই শুরু প্রেমের। গত বছর অর্থাৎ ২০২৫ সালের আগস্ট মাসে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল, যার ছবি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল।মজার ব্য়াপার হল, অর্জুনের মা অঞ্জলি তেন্ডুলকর বরের চেয়ে বয়সে প্রায় দু-বছরের বড়। সেই ট্রেন্ড ফলো করেছেন অর্জুনও। ২৬ বছর বয়সী অর্জুন মালা দেবে সানিয়ার গলায়, তিনিও বয়সে সচিন-পুত্রের চেয়ে প্রায় ১৫ মাসের বড়।

সচিন তেন্ডুলকরের প্রতিক্রিয়া
ছেলের জীবনের এই নতুন ইনিংস নিয়ে সচিন তেন্ডুলকর অত্যন্ত খুশি। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘অর্জুন নিজের সিদ্ধান্ত নিতে শিখেছে। সানিয়া আমাদের পরিবারের মেয়ের মতোই। আমরা সবাই এই শুভ দিনের অপেক্ষায় আছি।’
সচিন তেন্ডুলকর ব্যক্তিগত জীবনকে বরাবরই লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করেন, তাই বিয়ের আয়োজনটি খুব জাঁকজমকপূর্ণ হলেও তাতে আভিজাত্য এবং গোপনীয়তার ছাপ থাকবে।
ছেলের সম্পর্ক নিয়ে মাস চারেক আগে একটি রেডিট এএমএ সেশনে নীরবতা ভঙ্গ করেছিলেন। যখন এক ভক্ত প্রশ্ন করেন, ‘অর্জুনের কি সত্যিই বাগদান হয়েছে?’ তখন সচিন প্রশ্নটি এড়িয়ে যাননি। হাসতে হাসতে তিনি খবরটি নিশ্চিত করে বলেছিলেন: ‘হ্যাঁ, তিনি করেছিলেন এবং আমরা সবাই তার জীবনের নতুন পর্বের জন্য খুব উচ্ছ্বসিত।’