বাংলাদেশে কিছুদিন আগেই পা রেখেছেন বিএনপির প্রয়াত নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তিনি বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে বাংলাদেশে ভোটের আগে, আজ রাতেই দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান। মিডিয়া-মহলে খবর, তারেক রহমান পেতে পারেন কোনও বড় দায়িত্ব। এর আগেই, শুক্রবার তারেক রহমানের সঙ্গে দেখা করতে পৌঁছন বাংলাদেশে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের রাষ্ট্রদূত ইমরান হায়দার।
জানা গিয়েছে, ঢাকার গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দর ও বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত নেতা তারেক রহমানের বৈঠক হয়েছে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। উল্লেখ্য, কিছুদিন আগেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া প্রয়াত হন। তাঁর প্রয়াণে শোক জানিয়ে ভারতের তরফে প্রধানমন্ত্রী মোদীর চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেই সময়ই পাকিস্তানের তরফে সেদেশের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকও বাংলাদেশ পৌঁছন। তিনিও সাক্ষাৎ করেন তারেক রহমানের সঙ্গে। এরপর সাদিকের সঙ্গে বাংলাদেশি উপদেষ্টারও একটি বৈঠক হয়। সেই পর্বের পর এদিন কূটনৈতিক আঙিনায় সাড়া ফেলে তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বেশ প্রাসঙ্গিক হয়ে ওঠে।
এদিকে, আজ রাত সাড়ে ৯ টায় ঢাকার গুলশানে দলের স্থায়ী কমিটির বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান। দলীয় সূত্রের খবর, বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ঘোষণা করার বিষয়টি আলোচনায় আসতে পারে। এর আগে, ৪ জানুয়ারি সিলেটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির জানান, ‘দুএক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।’ সেই সূত্র ধরে এই বৈঠক ঘিরে বেশ কিছু জল্পনা রয়েছে। তবে বৈঠকের আগে, তারেকের সঙ্গে পাকিস্তানি হাইকমিশানারের সাক্ষাৎও বেশ তাৎপর্যপূর্ণ।
