এবছর আইপিএলে খেলা হবে না মুস্তাফিজুর রহমানের। নিলামে ৯ কোটি টাকারও বেশি দাম উঠেছিল মুস্তাফিজের। তাঁকে কিনেছিল কেকেআর। তবে দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বলল বিসিসিআই। আজ বার্তাসংস্থা পিটিআইকে এই কথা জানিয়েছেল বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। এর আগে সিএসকে, দিল্লির মতো দলের হয়ে আইপিএল খেলে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। এদিকে মুস্তাফিজের বদলে কেকেআরকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে বোর্ড।
আইপিএল মিনি নিলামে মোট ৬৩.৮৫ কোটি টাকা খরচ করেছিল কেকেআর। নিলামে ৯.২০ কোটিতে বাংলাদেশি পেসার মাস্তাফিজুর রহমানকে নিয়েছিল কেকেআর। বিসিবির তরফ থেকে ভারতে খেলতে আসার ছাড়পত্রও পেয়েছিলেন মুস্তাফিজ। তাঁর আইপিএল নিলামে এত দাম ওঠায় বাংলাদেশি ক্রিকেট মহলে বেশ উৎসাহ এবং উল্লাস ছিল। তবে সাম্প্রতিক সময়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে টানাপোড়েন দেখা দিয়েছে, তার জন্য রাজনৈতিক তরজাও শুরু হয়েছিল।
উল্লেখ্য, বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের আবহে কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজকে নেওয়ায় শাহরুখের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ডানপন্থীরা। এমনকী শাহরুখকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা সঙ্গীত সোম। শুধু রাজনৈতিক নেতা নন, আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুরও মুস্তাফিজ ইস্যুতে শাহরুখকে তুলোধোনা করেছিলেন।

এদিকে মুস্তাফিজ বিতর্কের মাঝেই বাংলাদেশ-ভারত সিরিজের সূচি ঘোষণা করেছিল বিসিবি। এর আগে ২০২৫ সালে রাজনৈতিক অশান্তির জেরে বাতিল হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। তবে নয়া বছরে বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত বাংলাদেশে যাবে। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে টি২০ সিরিজ। তবে বর্তমান পরিপ্রেক্ষিতে সেই সফরও হবে কি না, বলা কঠিন। তবে ততদিনে বাংলাদেশে নির্বাচিত সরকার চলে আসবে। তবে বর্তমান পরিপ্রেক্ষিত দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যা সহ হিন্দুদের ওপর একের পর এক অত্যাচারের ঘটনার আবহে মুস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এই সিদ্ধান্তের পর অবশ্য দুই দেশের সম্পর্কে আরও তিক্ততা বাড়তে পারে।