‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রসন্ন করতে নাকি মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এমনই যুক্তি পেশ করলেন বিজেপির সাংসদ সঞ্জয় জয়সওয়াল। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলার পরে সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, ‘বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। ওরা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাংলার সরকারকে তুষ্ট করার জন্য বাংলাদেশি ক্রিকেটারকে দলে রেখেছিল কেকেআর। আজ কোথাও না কোথাও বাংলাদেশ পাকিস্তানের পথে চলছে।’ যদিও বিজেপি সাংসদ এই বিষয়ে কিছু জানাননি যে কাকে তুষ্ট করতে আইপিএলের নিলামের তালিকায় মুস্তাফিজুরের নাম রাখা ছিল।
বাংলাদেশ বসে আছে পাকিস্তানের কোলে, তোপ বিজেপি সাংসদের
তারইমধ্যে বিজেপি সাংসদ বলেন, ‘যেভাবে (বাংলাদেশ) ওখানে হিন্দুদের হত্যা করা হচ্ছে, যেভাবে ওখানে পাকিস্তানের তরফে প্রচার চালানো হচ্ছে, তা দেখে যেন মনে হচ্ছে যে বাংলাদেশ ভুলে গিয়েছে যে ১৯৭১ সালের আগে লাখ-লাখ বাঙালিকে ধর্ষণ করা হয়েছিল। হাজার-হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল। আর কারও থেকেই ধর্ম জানতে চাওয়া হয়নি। সে বাঙালি হিন্দু হোক বা বাঙালি মুসলমান হোক – সবাইকে একইরকমভাবে অত্যাচার করেছিল পাকিস্তান। আর পাকিস্তানের কোলে বসে যেভাবে বাংলাদেশে অসামাজিক কাজকর্ম চালানো হচ্ছে এবং তাদের যেভাবে সরকার আশ্রয় দিচ্ছে, তাতে এটাই সঠিক সিদ্ধান্ত। যে কোনও পরিস্থিতিতে কেকেআরকে বাংলাদেশি খেলোয়াড়দের বাদ দেওয়া উচিত।
উল্লেখ্য, আর শুধু আসিফ নন, বিষয়টি হইচই শুরু করেছেন বাংলাদেশিদের অনেকেই। বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, তার জেরে মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে না দেওয়ার অনেকদিন ধরেই দাবি উঠছিল। সেই আবহে আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দেন, সম্প্রতি যে সব ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দেওয়া হয়েছে যে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুরকে যেন ছেড়ে দেওয়া হয়। তাঁর পরিবর্তে কেকেআর অন্য কোনও ক্রিকেটার নিতে পারবে বলেও জানিয়ে দেওয়া হয়। পরবর্তীতে নাইট ব্রিগেডের তরফেও সেই নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হয় যে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়া হচ্ছে।
