শেখ হাসিন পরবর্তী সময়ে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েছে বাংলাদেশে। এই আবহে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে সেই দেশে। এদিকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে হিন্দুদের ভোট পেতে চাইছে বিএনপি। এই আবহে বিভিন্ন জায়গায় তারা হিন্দুদের মাঝে গিয়ে প্রচার চালাচ্ছেন। এমনই এক প্রচার সভার সময় মানিকগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী এসএ জিন্নাহ কবির বললেন, ‘আগামী নির্বাচনে বিএনপিকে ভোট না দিলে বাংলাদেশে হিন্দুরা আর থাকতে পারবেন না।’
প্রসঙ্গত, আসন্ন নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে জামাত এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এই আবহে তারা ক্ষমতায় এলে হিন্দুদের ওপর আরও অত্যাচার বাড়তে পারে সেই দেশে। সেই কথা তুলে ধরেই সনাতনীদের ভোট পেতে আবেদন জানান বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিন্নাহ। আবার তাঁর এই বক্তব্যের নেপথ্যে প্রচ্ছন্ন হুমকিও রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমএ মান্নানও হিন্দু সম্প্রদায়ের ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন গতকাল।
হিন্দু ভোটারদের উদ্দেশে মান্নান বলেন, ‘এ দেশে একমাত্র বিএনপির শাসনামলেই সনাতনী হিন্দু ভাই-বোনেরা সর্বদা নিরাপদে বসবাস করে থাকেন। যা অতীতে বারবারই প্রমাণিত হয়েছে। বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আবারও আসীন হলে এ দেশের সর্বক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। এ দেশের সকল ধর্মের মানুষ যেন সমান অধিকার নিয়ে মাথা উঁচু করে সবসময় বসবাস করতে পারে, আমাদের দলের নেতা তারেক রহমান আমাদেরকে যেভাবেই নির্দেশনা দিচ্ছেন ও সেভাবেই কাজ করে যাচ্ছেন।’ এদিকে মতবিনিময়ের সময় স্থানীয় হিন্দু নেতারাও তাদের নানা সম্যসার কথা তুলে ধরেন বিএনপি প্রার্থীর সামনে।
