আজ ভোরে অসম ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভূমিকম্প অনুভূত হয়। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় সময় ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। অসমের মরিগাঁও জেলার দিং এলাকার কাছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল রেকর্ড করা হয়েছে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ৩৫ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.২। এদিকে শুধু উত্তরপূর্ব ভারত নয়, বাংলাদেশের বহু জায়গাতেও অনুভূত হয় এই ভূমিকম্প।
এদিকে ভারতে অসম ছাড়াও মেঘালয়, অরুণাচল প্রদেশেরও বেশ কিছু স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে কিছু এলাকায় ভূমিকম্পের জেরে হালকা ঝাঁকুনি অনুভূত হয় তো আবার কোথাও কোথাও তীব্র কম্পন অনুভূত হয়েছে। এর জেরে অনেকেই ঘুম ভেঙে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন। আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। তবে খোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। এই কম্পনের জেরে কেউ হতাহত হয়নি। অবশ্য প্রশাসন এবং দুর্যোগ মোকাবিলা বাহিনী নজর রাখছে পরিস্থিতির ওপর। এদিকে বাংলাদেশে সিলেটে কম্পন বেশ তীব্র ছিল।
এর আগে গত ৩ ডানুয়ারি ভোর প্রায় ৫টা ৫৮ মিনিটে সিকিমের সোরেং এলাকায় ভূমিকম্প হয়েছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৭.২১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮.২৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উৎসস্থল ছিল ভূগর্ভ থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে। মাত্র কয়েক সেকেন্ডের জন্যই কম্পন অনুভূত হয়েছিল সেদিন। অবশ্য এই ভূমিকম্পের জেরে সিকিমেও বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে ধস নামার কোনও খবর পাওয়া যায়নি পাহাড়ে।
