পাকিস্তানের রাজনীতিতে নতুন ঝড় তুলল সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য। বিস্ফোরক এক বার্তায় পাকিস্তানে জেলবন্দি ইমরান খান দাবি করেছেন, সেদেশের সদ্য ফিল্ড মার্শাল হওয়া আসিম মুনির ‘মানসিকভাবে অস্থির’। এছাড়াও পাকিস্তানের সেনা প্রধান মুনিরের বিরুদ্ধে ও পাক সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এই জেলবন্দি প্রাক্তন ক্রিকেট তারকা। ইমরানের পার্টি পাকিস্তান-তেহরিক-এ-ইনসাফ এক বিবৃতিতে তুলে দিয়েছে তাঁর বক্তব্য।
দুর্নীতির মামলায় পাকিস্তানের আদিয়ালা জেলে জেলবন্দি ইমরান খান, বলেছেন,’ সামরিক বাহিনী আমার বিরুদ্ধে যথাসাধ্য চেষ্টা করেছে। এখন তাদের জন্য কেবল আমাকে খুন করা বাকি আছে।’ একইসঙ্গে জেলবন্দি ইমরান খানের বার্তা, ‘যদি আমার কিছু হয়, তাহলে সেনাপ্রধান এবং আইএসআই-র ডিজি দায়ী থাকবেন।’ উল্লেখ্য, ইমরানের দল পিটিআই দাবি করছে, পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলের মধ্যে একটি একক কুঠুরিতে আটকে রাখা হয়েছে। সেখানে ইলেকট্রিক সংযোগ দেওয়া হয়নি ৫ দিন টানা। জেলে সাধারণত যে আবশ্যিক সুবিধা বন্দিদের দেওয়া হয়, তা ইমরান পাচ্ছেন না বলে অভিযোগ তাঁর দলের। ইমরানকে দেওয়া খাবার নিয়েও রয়েছে তাদের প্রশ্ন, এছাড়াও ইমরান যে পানীয় জল খাচ্ছেন, তাও পরিষ্কার নয় বলে দাবি পিটিআই-র। ইমরান খান অভিযোগ করেছেন যে তাঁকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মতো পরিস্থিতিতে আটকে রাখা হয়েছে এবং দাবি করেছেন যে তাঁর কিছু হলে পাকিস্তানের সামরিক নেতৃত্ব দায়ী থাকবে।
পার্টির তরফে প্রকাশ করা বিবৃতিতে ইমরানের বক্তব্যে বলা হয়েছে,’আমাকে খাঁচায় আটকে রেখে নির্যাতন করা হয় এবং পশুর চেয়েও খারাপ আচরণ করা হয়। আমার সেলের বিদ্যুৎ সংযোগ পাঁচ দিন বন্ধ ছিল। আমাকে দশ দিন সেলের মধ্যে আটকে রাখা হয়েছিল।’ উল্লেখযোগ্যভাবে ইমরানের অভিযোগ, ‘আসিম মুনির ইতিহাসের সবচেয়ে অত্যাচারী স্বৈরশাসক এবং মানসিকভাবে অস্থির।’উল্লেখ্য, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে রয়েছে পাকস্তানি সেনার হেডকোয়ার্টার।যে সেনার সর্বেসর্বা আসিম মুনির। সেই সেনা হেডকোয়ার্টার থেকে ইমরান যে জেলে বন্দি রয়েছেন, তার দূরত্ব খুবই কম।
