মুস্তাফিজুর ইস্যুতে সদ্য নতুন করে পারদ চড়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। আইপিএল থেকে ছাঁটাই হওয়া বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর বর্তমানে পাকিস্তানের পিএসএল-এ নাম লিখিয়েছেন। এদিকে, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাফ কথা, মুস্তাফিজুর পর্বের পর নিরাপত্তার দিক থেকে তাঁরা ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে আসবেন না। সেই বার্তায় ফের শিলমোহর দিয়েছেন বাংলাদেশের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক নিয়েও তিনি বার্তা দেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ও জলসম্পদের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার তিনি ভারতে আয়োজিত হতে চলা টি২০ বিশ্বকাপে বাংলাদেশের দলের খেলা নিয়ে নিজের ঢাকার মনোভাব ফের জানান দেন। বাংলাদেশের ইউনুস সরকারের এই উপদেষ্টা সাফ বলছেন,’ বাংলাদেশ ওই ভেন্যুতে খেলবে না।’ উল্লেখ্য, এখনও যা পরিস্থিতি তাতে আইসিসি-র সঙ্গে এই বিষয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কথা চলছে। ফের একবার আইসিসিকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এই মর্মে চিঠি দেবে বলেও বোর্ডের প্রধান বুলবুল গতকাল জানিয়েছেন। এই আবহে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মুখ খোলেন।
একদিকে, ভারত থেকে চাল, তেল আমদানি করে যাচ্ছে বাংলাদেশ, অন্যদিকে, ভারতে খেলতে আসা নিয়ে এক অনড় অবস্থানে রয়েছে ঢাকা। এই প্রশ্নে দুই দেশের সম্পর্ক নিয়ে সৈয়দাকে প্রশ্ন করা বলে, ইউনুস সরকারের এই উপদেষ্টা বলেন,’ যার সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রয়োজনে তার সঙ্গে তো চোখে চোখ রেখে কথা বলা যায়।’ একই সঙ্গে তিনি বলছেন,’ বিষয়টা হচ্ছে, ইন জেনারেল আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব। আর ভারত হচ্ছে আমাদের বৃহত্তম প্রতিবেশী, তার সঙ্গে আমাদের সম্পর্ক সব সময়ই বন্ধুত্বপূর্ণ থাকবে—এটাই আমরা চাই।’ ইউনুস সরকারের এই উপদেষ্টা বলছেন,’কিন্তু যখন দেখি যে কোনও একটা দেশের আচরণে আমাদের দেশের জন্য মর্যাদাহানিকর বিবেচিত হচ্ছে, তাহলে সেখানে তো আমরা রেসপন্ড করার অধিকার অবশ্যই রাখি।’

উল্লেখ্য, কিছুদিন আগেই বিসিসিআই-র নির্দেশে ভারতের আইপিএল-র ফ্র্যাঞ্চাইসি কেকেআর-র থেকে সরানো হয় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। এরপর থেকেই ফুঁসে ওঠে বাংলাদেশ। এর আগে, শেখ হাসিনা-হীন বাংলাদেশে বিগত কয়েক মাস ধরে ভারত বিরোধী নানান স্লোগান, বার্তা শোনা গিয়েছে। সদ্য বাংলাদেশে হাদির হত্যার খবর আসতেই সেদেশে ফের ভারত বিরোধিতার সুর নানান মহল চড়া করে। এই প্রেক্ষাপটে মুস্তাফিজুরকে কেন্দ্র করে আইপিএল ঘিরে আসে বিসিসিআই-র পদক্ষের।