India on Venezuela। ভেনেজুয়েলার বিপুল তেলের দখল নিচ্ছে আমেরিকাই! ঘোষণা ট্রাম্পের

Spread the love

আমেরিকাই চালাবে ভেনেজুয়েলাকে – সেই ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে আপাতত লাতিন আমেরিকার দেশের বিপুল তৈলভাণ্ডার আমেরিকা চালাবে বলেও কার্যত বুঝিয়ে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ভেনেজুয়েলার পুরো তেলের শিল্প গড়ে তুলেছিল আমেরিকাই। সেই তেল এবার বিশ্বের অন্যান্য দেশকে বিক্রি করবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তারইমধ্যে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে সতর্কবার্তা জারি করে জানানো হয়েছে যে দরকার ছাড়া এখন যেন ভেনেজুয়েলা এড়িয়ে যান ভারতীয়রা।

কতদিন ভেনেজুয়েলা চালাবে আমেরিকা?

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ওই দেশটা (ভেনেজুয়েলা) চালাব, যতক্ষণ না আমরা একটি নিরাপদ, উপযুক্ত এবং ন্যায়পরায়ণ রূপান্তর সম্পন্ন করতে পারি।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘আমরা অন্য কাউকে বসিয়ে দিতে চাই না। দীর্ঘদিন ধরে যে পরিস্থিতি ছিল, সেটাই আছে। তাই আমরাই দেশ চালাতে যাচ্ছি।’

ভেনেজুয়েলার তেল বেচবে আমেরিকা, জানালেন ট্রাম্প

আর সেই পরিস্থিতিতে ভেনেজুয়েলার বিপুল তৈলভাণ্ডার কার হাতে থাকবে, তা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠে আসে। একটি মহলের তরফে তো সরাসরি অভিযোগ তোলা হয়েছে যে ভেনেজুয়েলার তৈলভাণ্ডার কুক্ষিগত করতেই এসব সামরিক অভিযানের ‘নাটক’ করেছে আমেরিকা। সেই আবহে ট্রাম্প বলেছেন, ‘আমেরিকার বিশাল বড়-বড় তৈল সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তিক্ষেত্রে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। অত্যন্ত বাজেভাবে ভেঙে পড়া পরিকাঠামো ঠিক করবে।’ সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলার তেল অন্য দেশের কাছে বেচবে আমেরিকা। সেইসবের মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ছবি প্রকাশ করেছেন ট্রাম্প।

ভেনেজুয়েলা নিয়ে মুখ খুলল ভারত

আর ট্রাম্পের সেই একের পর এক ঘোষণার মধ্যেই ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে প্রথমবার মুখ খুলেছে ভারত। তবে কোনও পক্ষ অবলম্বন না করে আপাতত শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে নয়াদিল্লি। শনিবার রাতের দিকে সংক্ষিপ্ত অ্যাডভাইজরিতে বলা হয়েছে, ‘ভেনেজুয়েলা সম্প্রতি যে ঘটনা ঘটেছে, সেটা মাথায় রেখে সেই দেশে ভারতীয় নাগরিকদের অপ্রয়োজনীয় সফর এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’

আর যে ভারতীয়রা ভেনেজুয়েলায় থাকেন, তাঁদের অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলা হয়েছে। ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *