বেশ কয়েকদিন ধরে নিখোঁজ থাকা এক ভারতীয় মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্রে। পুলিশ জানিয়েছে, ২৭ বছর বয়সি নিখোঁজ ভারতীয় মহিলা নিকিতা গোদিশলার মৃতদেহ মেরিল্যান্ডে তাঁর প্রাক্তন প্রেমিকের অ্যাপার্টমেন্টে পাওয়া গেছে। তাঁর শরীরে গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় নিকিতার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে হাওয়ার্ড কাউন্টি পুলিশ।
রিপোর্ট অনুসারে, নিকিতার প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মা গত ২ জানুয়ারি পুলিশের কাছে নিখোঁজ ব্যক্তির অভিযোগ দায়ের করেছিলেন। অর্জুন শর্মা কর্তৃপক্ষকে বলেছিলেন যে তিনি নিকিতাকে শেষ দেখেছিলেন ৩১ ডিসেম্বর টুইন রিভারস রোডে অবস্থিত তাঁর অ্যাপার্টমেন্টে। তবে তদন্তে জানা গেছে যে রিপোর্ট জমা দেওয়ার সাথে সাথেই অর্জুন শর্মা পালিয়ে ভারতে ফিরে আসেন। পুলিশ জানিয়েছে যে অর্জুন শর্মা ওই দিনই বিমানটি ধরেছিলেন। পুলিশ অর্জুন শর্মার বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ডিগ্রি হত্যার অভিযোগ এনেছে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পুলিশ সন্দেহ করছে যে নিকিত গোদিশলাকে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার পরে হত্যা করা হয়েছিল। হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনও জানা যায়নি।
এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই আমেরিকায় অবস্থিত ভারতীয় দূতাবাস প্রতিক্রিয়া দিয়েছে। নিকিতার পরিবারের সঙ্গে দূতাবাসের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে। নিকিতার পরিবারকে সব রকমের সাহায্য করা হচ্ছে। এদিকে স্থানীয় প্রশাসেনর সঙ্গে খুনের তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে যোগাযোগ রাখছে তারা। উল্লেখ্য, ভারত এবং আমেরিকার মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আমেরিকা থেকে তাহাউর রহমান এবং অনমোল বিষ্ণোইকে দেশে ফিরিয়েছে ভারত। এই আবহে নিকিতা খুনে বিচারের জন্য অর্জুনকে আমেরিকায় ফিরিয়ে নিতে ভারতের কাছে আবেদন জানাতে পারে আমেরিকা
