Kolkata Metro Latest Update। নতুন কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত

Spread the love

অক্টোবরে বলা হয়েছিল যে ‘যতটা দ্রুত সম্ভব’ কাজ শুরু হবে। আর শেষপর্যন্ত সেই কাজটা শুরু হতে-হতে এপ্রিল (বাংলার প্রথম মাস বৈশাখের আশপাশে) হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, নতুন করে কলকাতা মেট্রোর ব্লু লাইনের (নর্থ-সাউথ করিডর) কবি সুভাষ স্টেশন গড়ে তোলার কাজ পুরোদমে শুরু করতে এপ্রিল হয়ে যাবে। সেইসময় শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রোর রেক ঘোরানোর পরিকাঠামো তৈরির কাজও শুরু হবে বলে মেট্রো সূত্রের খবর। বিষয়টি নিয়ে আপাতত সরকারিভাবে মেট্রোর তরফে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, পুরনো কবি সুভাষ স্টেশনের নকশায় গলদ ছিল। সেই পরিস্থিতিতে নয়া স্টেশনের ক্ষেত্রে যাতে কোনওরকম ভুলত্রুটি না থাকে, সেজন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাড়তি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে যাবতীয় বিষয়। তাই কিছুটা সময় লাগছে।

নয়া কবি সুভাষ স্টেশনের নকশার কাজ শেষ

আপাতত যা খবর, তাতে নয়া কবি সুভাষ স্টেশনের নকশা তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। এমনকী দেওয়া হয়ে গিয়েছে কাজের বরাতও। তাও নকশা এবং নির্মাণ সংক্রান্ত কয়েকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে, যাতে আগেরবারের মতো কোনও গলদ থেকে না যায়। অন্যদিকে মেট্রো সূত্রে খবর, যে সময় নাগাাদ নয়া কবি সুভাষ স্টেশন তৈরির কাজ শুরু করা হবে, তারই আশপাশে শহিদ ক্ষুদিরাম স্টেশনে রেক ঘোরানোর পরিকাঠামো তৈরি করার তোড়জোড় চলবে বলে মেট্রো সূত্রে খবর।

অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন বন্ধ

এমনিতে গত বছরের জুলাইয়ে কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়েছিল। তার জেরে কোনওরকম ঝুঁকি না নিয়ে অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন পর্যন্ত যাত্রীবাহী মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চালানো হতে থাকে মেট্রো। প্রাথমিকভাবে মেট্রো কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছিল যে কবি সুভাষ স্টেশন বন্ধ করে দেওয়া হলেও যাত্রীদের সমস্যা হবে না। শুধুমাত্র প্রথম ও শেষ স্টেশন পালটে যাচ্ছে।

মেট্রোয় মারাত্মক সমস্যা ও পরিস্থিতির উন্নতি

কিন্তু যাত্রীদের সমস্যা যে কতটা মারাত্মক হতে পারে, তা পরবর্তী কয়েক মাসেই বোঝা গিয়েছিল। কারণ প্রান্তিক স্টেশন না হওয়ায় শহিদ ক্ষুদিরামে মেট্রো রেক ঘোরানোর জায়গা নেই। ফলে শহিদ ক্ষুদিরাম স্টেশনে যাত্রীদের নামিয়ে খালি রেক নিয়ে যাওয়া হচ্ছে কবি সুভাষ স্টেশনে। তারপর সেই রেক ঘুরিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে। ফলে বাড়তি সময় লেগে যাচ্ছে। ফলে পরিষেবা ব্যাহত হচ্ছিল। সময় চলছিল না মেট্রো। অনেক মেট্রোই মহানায়ক উত্তর কুমার স্টেশন পর্যন্ত যাচ্ছিল।

তবে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। প্রাথমিকভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে যতক্ষণ না দক্ষিণেশ্বরমুখী মেট্রো কবি সুভাষ স্টেশন থেকে যাত্রা শুরু করবে, ততক্ষণ কোনও রেক শহিদ ক্ষুদিরাম ছেড়ে (কবি সুভাষের দিকে) যেতে পারবে না। সম্প্রতি সেই নিয়ম শিথিল করা হয়েছে। তারপরই বেশ কিছুটা উন্নতি হয়েছে মেট্রো পরিষেবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *