অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) সভাপতি তথা সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি লাভ জিহাদ ইস্যুতে বড় বিবৃতি দিলেন। আরএসএস এবং বিজেপিকে সংসদে লাভ জিহাদের বিষয়ে সরকারি পরিসংখ্যান উপস্থাপনের বিষয়ে চ্যালেঞ্জ জানান। এরই সঙ্গে লাভ জিহাদের সংজ্ঞা প্রকাশের দাবিও করেন তিনি। রবিবার অমরাবতীতে এক সাংবাদিক সম্মেলনে ওয়াইসি বলেন, ‘বিজেপি নেতৃত্বাধীন সরকারের উচিত গত ১১ বছরে লাভ জিহাদ মামলার সংখ্যা এবং এই শব্দটির স্পষ্ট আইনি সংজ্ঞা প্রকাশ করা।’ প্রসঙ্গত, বিগত দিনে লাভ জিহাদের মতো ইস্যুতে বিভিন্ন রাজ্যে সরব হয়েছে বিজেপি। কেরল থেকে শুরু করে হিন্দি বলয়ের রাজ্যগুলিতে লাভ জিহাদ প্রসঙ্গে বিরোধীদেরও তোপ দেগেছে বিজেপি।
উল্লেখ্য, এর আগে শনিবার ভোপালে আরএসএস প্রধান মোহন ভাগবত লাভ জিহাদ নিয়ে মুখ খুলেছিলেন। তাঁর সেই ভাষণের পরই বিতর্ক শুরু হয়েছিল। ভাগবত সেদিন বলেছিলেন, পরিবারের মধ্যে আলাপ-আলোচনা বাড়ানো উচিত। তাতে করে লাভ জিহাদের মতো বিষয়গুলির সমাধান করা যেতে পারে। ভাগবত পরিবারগুলিকে শিশুদের সঙ্গে ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে আলোচনা করার পরামর্শ দিয়েছিলেন এবং মহিলাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে পরিবারে যোগাযোগের অভাবে এ ধরনের ঘটনা বাড়ছে।
আরএসএস প্রধানের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ওয়াইসি বলেন প্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক এবং আইনি অধিকার রয়েছে। তিনি বলেন, ‘তারা কাকে বিয়ে করতে চায় বা কার সঙ্গে সম্পর্ক গড়তে চায় তা অন্য কারও পছন্দ বা মতাদর্শ দ্বারা নির্ধারণ করা যায় না।’ বিজেপি ও আরএসএসের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা বেকারত্ব এবং লাদাখে ভারত-চিন সীমান্তের পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু থেকে দৃষ্টি সরিয়ে নিচ্ছেন।’
