২০২৪ সালের ৫ অগস্ট থেকে ভারতে আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই হাসিনাকে নিয়ে এবার মুস্তাফিজের তুলনা টানলেন প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফ। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ধারাবাহিক ঘটনার আবহে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিয়েছে কেকেআর। আর তাতেই দুঃখে বুক ফাটছে প্রাক্তন পাক ক্রিকেটারের।
মুস্তাফিজ ইস্যুতে রশিদ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল দল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। অবাক করার বিষয় হচ্ছে ভারত হাসিনা ওয়াজেদকে (শেখ হাসিনা) জায়গা দিতে পারে কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার অনুমতি দিতে পারে না। বাংলাদেশ হয়ত তাদের বিশ্বকাপ ম্যাচগুলো ভারতে খেলতে অস্বীকৃতি জানাতে পারে। কারণ তাদের খেলোয়াড়রা ঝুঁকিতে পড়তে পারে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ এখনও ভারতে নির্বাসিত।’
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর খোকন দাস নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে কোপ মেরে তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই ব্যবসায়ী ৩ জানুয়ারি মারা যান। কাকতালীয় ভাবে, এই খবর সামনে আসার কিছু পরই বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা মুস্তাফিজুরকে দল থেকে ছেড়ে দেয়।
নিলামে ৯ কোটি টাকারও বেশি দাম উঠেছিল মুস্তাফিজের। তাঁকে কিনেছিল কেকেআর। তবে দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বলে বিসিসিআই। এর আগে সিএসকে, হায়দরাবাদের মতো দলের হয়ে আইপিএল খেলে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। এদিকে একদিকে ভারত বয়কটের ডাক দিচ্ছে বাংলাদেশ। অপরদিকে মুস্তাফিজ বাদ পড়ায় কার্যত রাতের ঘুম হাওয়া হয়েছে বাংলাদেশিদের।

এদিকে মুস্তাফিজ বিতর্কের মাঝেই বাংলাদেশ-ভারত সিরিজের সূচি ঘোষণা করেছিল বিসিবি। এর আগে ২০২৫ সালে রাজনৈতিক অশান্তির জেরে বাতিল হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। তবে নয়া বছরে বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত বাংলাদেশে যাবে। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে টি২০ সিরিজ। তবে বর্তমান পরিপ্রেক্ষিতে সেই সফরও হবে কি না, বলা কঠিন। তবে ততদিনে বাংলাদেশে নির্বাচিত সরকার চলে আসবে। তবে বর্তমান পরিপ্রেক্ষিত দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যা সহ হিন্দুদের ওপর একের পর এক অত্যাচারের ঘটনার আবহে মুস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।