Sheikh Sahjahan Case। শাহজাহান কেস-এ সাক্ষীর গাড়িতে ধাক্কা কাণ্ডে গ্রেফতার ২

Spread the love

শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনায় ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন হলেন উত্তম সর্দার। এই উত্তমের বিরুদ্ধে আগেও অন্য এক ঘটনায় অভিযোগ ছিল বলে জানা যাচ্ছে। এদিকে, উত্তম সর্দার ছাড়াও রুহুল কুদ্দুস শেখ নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, শেখ শাহজাহান মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথ ঘোষ। কিছুদিন আগে, কোর্টে যাওয়ার পথে তাঁর গাড়িতে ধাক্কা মারে এক ট্রাক। ভোলার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ ও গাড়ির চালক শাহানুরের। আহত হন ভোলানাথ ঘোষ। সন্তান হারানোর শোক বুকে নিয়ে দ্বারস্থ হন পুলিশের। বৃহস্পতিবার সকালে রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন ভোলানাথ ঘোষ। তার ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ। এরপর তদন্তে নামে পুলিশ। জানা গিয়েছে, শনিবারই পুলিশ এই মামলায় দুজনকে গ্রেফতার করেছে। এঁদের মধ্যে একজন উত্তম সর্দার। এই উত্তমের বিরুদ্ধে আগে ইডির ওপর হামলার ঘটনার অভিযোগ ছিল। সেবারও তিনি পুলিশের জালে পড়েন। এবার উত্তম ধরা পড়লেন শেখ শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কার মামলায়।

এদিকে, জানা গিয়েছে, বুধবার ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কার মামলায় ৮ জনের নামে এফআইআর হয়েছে বলে খবর। তবে এই ৮ জনের নাম সম্পর্কে সুস্পষ্ট তথ্য় বেরিয়ে আসেনি। প্রশ্ন থাকছে, সেই ৮ জনের নামের মধ্যে কি উত্তম সর্দার বা রুহুল কুদ্দুসের নাম ছিল? এর আগে, ঘটনার পর বুধবার রাতেই দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও গাড়িকে উদ্ধার করে পুলিশ। আপাতত সেই ট্রাকের চালক অধরা। তবে জানা গিয়েছে রুহুলকে ন্যাজাট থানা এলাকার রাজবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। উত্তমকে দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট এলাকার একটি গোপন ডেরা থেকে পুলিশ গ্রেফতার করেছে। এর আগে ২০২৪ সালে একবার গ্রেফতার হয়েছেন উত্তম। সেবার ইডির ওপর হামলা কেসে বড়সড় অভিযোগে গ্রেফতার হন উত্তম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *