যে আশঙ্কটা করা হচ্ছিল, সেটা হল না। বরং কিছুটা চমক দিয়েই ২০২৫ সালের শেষে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার কমানোর পথে হাঁটল না কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে (২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ) ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রাখা হল। তার ফলে টানা সাতটি ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার পালটাল না কেন্দ্রীয় সরকার। শেষবার সুদের হার পরিবর্তন করা হয়েছিল ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে।
জানুয়ারি-মার্চ পর্যন্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার কত থাকবে?
১) সেভিংস ডিপোজিটে সুদের হার: ৪ শতাংশ।
২) ১ বছরের ডিপোজিটে সুদের হার: ৬.৯ শতাংশ।
৩) ২ বছরের ডিপোজিটে সুদের হার: ৭ শতাংশ।
৪) ৩ বছরের ডিপোজিট: ৭.১ শতাংশ
৫) ৫ বছরের ডিপোজিট: ৭.৫ শতাংশ।
৬) ৫ বছরের রেকারিং ডিপোজিট: ৬.৫ শতাংশ
৭) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: ৮.২ শতাংশ
৮) মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম (এমআইএস): ৭.৪ শতাংশ
৯) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি): ৭.৭ শতাংশ
১০) পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ): ৭.১ শতাংশ
১১) কিষান বিকাশ পত্র: ৭.৫ শতাংশ (১১৫ মাসে ম্যাচিওর হবে)
১২) সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যোজনা: ৮.২ শতাংশ।

রেপো রেট কমিয়ে দেওয়া হয়েছে
এমনিতে ২০২৫-২৬ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে যে সুদের হার কমতে পারে বলে মনে করেছিলেন অনেকে। কারণ চলতি মাসের শুরুতেই রেপো রেট (যে হারে বাণিজ্যিক ব্যাঙ্ককে ধার দেয় ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের) ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। তার ফলে আপাতত রেপো রেট ঠেকেছে ৫.২৫ শতাংশ। শুধু তাই নয়, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্টে অনুমান করা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে রেপো রেট আরও ২৫ বেসিস পয়েন্ট (০.২৫ শতাংশ) কমিয়ে দেওয়া হতে পারে।