২০২১ সাল নাগাদ ঘোষণা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের। তবে সিনেমার শ্যুটিং এখনও শুরু হয়নি। তবে একাধিক রিপোর্ট অনুসারে, প্রি প্রোডাকশনের কাজ প্রায় শেষ। আগামী মাস, অর্থাৎ ২০২৬ সালের মার্চ থেকেই ছবির শ্যুট শুরু হয়ে যেতে পারে।
সম্প্রতি এক অনুষ্ঠানে পৌঁছে এই নিয়ে কথা বলেন দাদা। বায়োপিক নিয়ে প্রশ্নে জবাব দেন, ‘কাজ চলছে তো, অনেকখানি এগিয়ে গিয়েছে। মার্চ থেকে শ্যুটিং। তিন মাস শ্যুটিং তারপর রিলিজ।’ জানা গিয়েছে যে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। যদিও সিনেমার বাদবাকি কাস্ট এখনও সামনে আসেননি। এমনকী, সৌরভ-পত্নী ডোনার চরিত্রে কে থাকছেন, সেটাও অজানা।
কে হবে বায়োপিকের নায়িকা?
সৌরভকে যখন এই অনুষ্ঠানেই সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয়, ‘নায়িকা পছন্দ হল?’ তাতে মস্করা করেই মহারাজের জবাব আসে, ‘আমার পছন্দয় কী হবে! রাজকুমার করবে। আমার নায়িকা পছন্দের দিন চলে গিয়েছে।’
বায়োপিকের খুঁটিনাটি:
রোমান্টিক কমেডি ছবির জন্য জনপ্রিয় পরিচালক লাভ রঞ্জন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকটি প্রযোজনা করছেন। আর পরিচালনার দায়িত্ব সামলাবেন বিক্রমাদিত্য মোতওয়ানে। কলকাতাতেই এই ছবির অধিকাংশ শ্যুটিং হওয়ার কথা রয়েছে। ইডেন গার্ডেন্স, এরিয়ান ক্লাব সহ ময়দানের বিভিন্ন মাঠেও হবে সিনেমার শ্যুটিং। তবে কলকাতা ছাড়াও মুম্বই ও লন্ডন- এই তিন শহর মিলিয়ে বায়োপিকটির শুটিং হবে।জানুয়ারি মাসেই কলকাতায় গঙ্গোপাধ্যায়দের বাড়ি, স্ত্রী ডোনার নাচের স্কুল, সবই খুঁটিয়ে পর্যবেক্ষণ করে গিয়েছেন ছবির পরিচালক। যাতে সেট তৈরির কাজ হয় ঠিক করে। সৌরভের ছোটবেলাও তুলে ধরা হবে সিনেমায়। আর এর জন্য বেশ শক্তপোক্ত হোমওয়ার্কও করেছেন নির্মাতারা। দাদা নিজেও তাঁদেরকে নানা তথ্য তুলে ধরে সাহায্য করেছেন। ছবিটি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট-জীবনের উত্থান, সংগ্রাম এবং ২০১১ সাল পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে তাঁর দীর্ঘ যাত্রার গল্প তুলে ধরবে। তাকবে ব্যক্তিগত জীবনের ছোঁয়াও।

এদিকে বেশ কঠিন অধ্যাবসার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সিনেমার হিরো রাজকুমার রাওকেও। শোনা গিয়েছে, অভিনেতা বাঁ-হাতে ক্রিকেট খেলার সব খুঁটিনাটি শিখছেন। প্রথমে তো রাজকুমার বেশ নার্ভাস ছিলেন ‘রিল লাইফের সৌরভ’ হতে। কানাঘুষো কোনো বাঙালি নায়িকা থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে।