T20 WCর বিশেষ ইভেন্ট ঘিরে PCB কোন পথে হাঁটল? বলছে রিপোর্ট

Spread the love

আইসিসি টি২০ বিশ্বকাপে পাকিস্তান খেলবে, নাকি অংশগ্রহণ থেকে মুখ ফিরিয়ে নেবে, সেই জল্পনা জিইয়ে রেখে এবার নয়া নাটকীয় পদক্ষে পাকিস্তানের! মহসিন নকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার আইসিসি টি২০ পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের এক বিশেষ ইভেন্ট বয়কট করে, এই জল্পনায় উস্কানি বাড়িয়ে দিয়েছে। এদিকে, একাধিক মিডিয়া রিপোর্টের দাবি, এই ক্রিকেট বিশ্বকাপ থেকে সরবে না পাকিস্তান। এরই মাঝে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নয়া নাটকীয়তা কাড়ছে নজর!

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে হাইভোল্টেজ টি২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আগে হঠাৎই বাংলাদেশ মুস্তাফিজুর ইস্যুকে সামনে রেখে নিরাপত্তার কারণে ভারতে না খেলে ম্যাচগুলি শ্রীলঙ্কায় খেলতে চায়। শেষমেশ বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে নাকভির পাকিস্তান এই বিশ্বকাপ বয়কট করবে বলে হুঁশিয়ারি দেয়। শেষমেশ তারা কী করবে, সেই সিদ্ধান্ত এখনও আসেনি। সিদ্ধন্তের ঘোষণা ঘিরে নাটকীয়তা কবে ক্লাইম্যাক্সে পৌঁছয়, সেদিকে তাকিয়ে ক্রিকেট মহল! এরই মাঝে, আসন্ন বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের জাতীয় কিট উদ্বোধন ঘিরে এক ইভেন্টকে বাতিল করেছে পাকিস্তান। এমনই জানিয়েছে এনডিটিভির রিপোর্ট। ইভেন্ট বাতিলের নেপথ্যে পাকিস্তান ‘অনিবার্য কারণ’কে তুলে ধরেছে। ফলত, মনে করা হচ্ছে, নাকভির পাকিস্তান বোর্ড, গোটা পরিস্থিতি নিয়ে জল্পনা জিইয়ে রাখতেই এমন পদক্ষেপের পথে হেঁটেছে।

মনে করা হচ্ছে, সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬-এ পাকিস্তান জানাতে পারে যে তারা ২০২৬ বিশ্বকাপ খেলতে যাবে কি না। এই সিদ্ধান্তের আগে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নকভি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেদেশের রাষ্ট্রপতি জরদারি, এমনকি সেদেশের সেনা প্রতিষ্ঠানের সঙ্গেও কথা বলেছেন বলে ‘টেলিকম এশিয়া স্পোর্টস’র রিপোর্ট দাবি করেছে। ওই রিপোর্টে বলা হচ্ছে, ২ ফেব্রুয়ারি পাকিস্তান টিম কলম্বোর উদ্দেশে রওনা হবে, সেই দিনই নাটকীয়ভাবে পাকিস্তান জানাতে পারে যে তারা বিশ্বকাপে অংশ নিতে চলেছে। তবে এখনও এই বিষয়ে পাকিস্তানের বোর্ডের তরফে কোনও বক্তব্য পেশ করা হয়নি। এদিকে, সদ্য আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৬ ঘিরে পাকিস্তান দলের ইভেন্ট বাতিলের ঘটনা বেশ তাৎপর্যবাহী। সব মিলিয়ে পরিস্থিতি কোনদিকে যায়, সেদিকে তাকিয়ে ক্রিকেটমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *