একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধাতালিকায় দাগি অযোগ্য প্রার্থীর হদিশ পেল এসএসসি। শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফে জানানো হয়েছে, গত ২১ জানুয়ারি একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের যে মেধাতালিকা (প্যানেল) এবং ওয়েটিং লিস্টের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দু’জন দাগি অযোগ্য প্রার্থীর নামও ছিল। তাঁদের চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। সেইসঙ্গে ২০১৬ সালের ২০১৬ সালে সংশ্লিষ্ট প্রার্থীদের রোল নম্বর এবং অভিভাবকের নাম যা ছিল, সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। আর ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ায় ওই প্রার্থীদের নাম, রোল নম্বর, অভিভাবকের নাম এবং মেধাতালিকায় কত নম্বরে আছে, সেটাও প্রকাশ করা হয়েছে এসএসসির তরফে।
কোন কোন অযোগ্যদের (এসএসসির দাবি মতো) হদিশ মিলেছে?
১) সমীর সেন। তিনি অঙ্কের সংরক্ষিতদের মেধাতালিকায় আছেন।
২) মহম্মদ মুখতার হোসেন। তিনি এডুকেশনের ওবিসি-এ ক্যাটেগরির ওয়েটিং লিস্টে আছেন।
অযোগ্য প্রার্থীদের নাম থাকা নিয়ে সাফাই SSC-র
কিন্তু এত নজরদারি, এত সময় নিয়ে মেধাতালিকা প্রকাশের পরেও কীভাবে দাগি অযোগ্যরা লিখিত পরীক্ষা, ভেরিফিকেশন, ইন্টারভিউ ও ডেমোস্ট্রেশন (ইন্টারভিউয়ের সময়ও একদফায় নথি যাচাই করা হয়েছে) প্রক্রিয়া পেরিয়ে প্যানেল এবং ওয়েটিং লিস্টে ঢুকে গেলেন, তা নিয়ে সদুত্তর দিতে পারেনি এসএসসি। বিশেষত নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে দীর্ঘ সময় নেওয়া হয়েছে। তারপরও কীভাবে এরকম হতে পারে, তা নিয়ে দায়সারা সাফাই দেওয়া হয়েছে এসএসসির তরফে।
কমিশনের তরফে শুধুমাত্র দাবি করা হয়েছে যে ‘ফস্কে গিয়েছে’। পূর্ববর্তী নোটিশ এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে ওই দু’জন দাগি অযোগ্য প্রার্থীকে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হচ্ছে। আর ২০১৬ সালের দাগি অযোগ্য প্রার্থীরা যে এসএসসির নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না, সেই মর্মে আগেই নির্দেশ দিয়েছিল আদালত।

আরও দাগি অযোগ্যের হদিশ মিলবে?
আর এরকমভাবে কতজন দাগি অযোগ্য ‘ফস্কে গিয়েছেন’, তা নিয়ে প্রশ্ন তুলেছেন যোগ্য চাকরিপ্রার্থীরা। বিশেষত এসএসসি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে ‘চার্ট ১’ দেখে সন্দেহ আরও বেড়েছে। বিষয়টি নিয়ে ফ্রেশার্স চাকরিপ্রার্থীদের সংগঠন ‘১০ নম্বরে বঞ্চিত এসএলএসটি ফ্রেশার্স’-র তরফে দাবি করা হয়েছে, ‘চার্ট ওয়ান এটা, আরও অনেক আসবে, অপেক্ষা করুন।’ যদিও এসএসসির তরফে সেই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।