Trains losing superfast status। ‘সুপারফাস্ট’ তকমা হারাল ১০ ট্রেন, কমবে ভাড়া

Spread the love

কমপক্ষে ১০টি (পাঁচ জোড়া) ট্রেনের ‘সুপারফাস্ট’ তকমা চলে গেল। সংসদীয় কমিটির তিরস্কারের পরে ভারতীয় রেলের তরফে ওই পাঁচ জোড়া ট্রেনের সুপারফাস্ট তকমা সরিয়ে নেওয়া হয়েছে। তার ফলে একধাক্কায় ওই ট্রেনগুলির ভাড়া কিছুটা কমে যাবে। কারণ সুপারফাস্ট তকমা দিয়ে যাত্রীদের থেকে সারচার্জ নেওয়া হত। বেশি ভাড়া গুনতে হত যাত্রীদের। এখন ‘সুপারফাস্ট’ তকমা চলে যাওয়ায় ওই ট্রেনগুলিতে কম ভাড়া দিতে হবে।

ওই ট্রেনগুলির ভাড়া কতটা কমে যাবে?

সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে জানানো হয়েছে, সুপারফাস্ট তকমা হারানোয় আগামী ১৩ এপ্রিল থেকে ওই ট্রেনগুলির ভাড়া পাঁচ থেকে ১২ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

১) স্লিপার ক্লাস: আট শতাংশ কমতে পারে ভাড়া।

২) এসি-২ টিয়ার এবং এসি-৩ টিয়ার: ভাড়া কমে যেতে পারে চার শতাংশ।

৩) এসি ফার্স্ট ক্লাস: দু’শতাংশ ভাড়া হ্রাস পেতে পারে।

৪) জেনারেল কোচ: ১০-১২ শতাংশ কমে যেতে পারে ভাড়া।

কিন্তু কেন সুপারফাস্ট তকমা কেড়ে নেওয়া হচ্ছে?

ওই প্রতিবেদনে জানানো হয়েছে, সংসদীয় কমিটির যে রিপোর্ট জমা পড়েছে, তাতে বলা হয়েছে যে সুপারফাস্ট ট্রেন হওয়ার জন্য ঘণ্টায় যে গতিতে দৌড়ানোর কথা, তা পূরণ করতে পারছে না রেল। আধিকাারিকরা দাবি করেছেন, তথ্য খতিয়ে দেখে জানা গিয়েছে যে সুপারফাস্ট হওয়ার শর্তপূরণ করতে পারছে না ওই পাঁচ জোড়া ট্রেন। কিন্তু স্রেফ কাগজে-কলমে সুপারফাস্ট তকমা চাপিয়ে যাত্রীদের থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে।

সেই পরিস্থিতিতে কমিটির চাপে ওই পাঁচ জোড়া ট্রেনের সুপারফাস্ট তকমা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, আধিকারিকরা জানিয়েছেন যে সুপারফাস্ট তকমা চলে যাওয়ায় ওই ট্রেনগুলিকে আগের মতো অগ্রাধিকার দেওয়া হবে না।

কোন কোন ট্রেন হারাল সুপারফাস্ট তকমা?

ওই প্রতিবেদন অনুযায়ী, যে ১০টি ট্রেনের ট্রেনের সুপারফাস্ট তকমা চলে গিয়েছে, তার প্রতিটির সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ রয়েছে। ওই ট্রেনগুলি পশ্চিমবঙ্গের হাওড়া থেকে উত্তর ভারতের কোনও শহরে চলাচল করে। কোন কোন ট্রেন সুপারফাস্ট তকমা হারাল, সেই তালিকা দেখে নিন –

১) বিভূতি এক্সপ্রেস: হাওড়া-প্রয়াগরাজ রামবাগ-হাওড়া

২) নেতাজি এক্সপ্রেস: হাওড়া-কালকা-হাওড়া

৩) উপাসনা এক্সপ্রেস: হাওড়া-দেরাদুন-হাওড়া

৪) কুম্ভ এক্সপ্রেস: হাওড়া-দেরাদুন-হাওড়া

৫) হিমগিরি এক্সপ্রেস: হাওড়া-জম্মু তাওয়াই-হাওড়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *